|
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে ১ জন নিহত ১ জন নিখোঁজ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে ১ জন নিহত ১ জন নিখোঁজ নিখোঁজ রয়েছেন। ১৪ মার্চ শনিবার রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার কড়াই বরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে এবং নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে আকস্মিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যায় নৌকার মালিক মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হয় বলে স্থানীয়রা জানান। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের জন্য স্বজন ও এলাকাবাসী রাত থেকেই নদীতে খোঁজাখুঁজি করে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আঙ্গুর মিয়া জানান, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় একটি নৌকা মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি আরও জানান, আজ রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ ফরিদকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনো নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার আছমা আক্তার বলেন, বিষয়টি শুনেছি। থানায় কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে খোঁজ খবর নিচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
