নিম চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন প্রশাসক শওকত হোসেন সরকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 8:49 PM
নিম চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন প্রশাসক শওকত হোসেন সরকার
নিম গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার।
বুধবার (২৫ফেব্রুয়ারি) সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান। পরে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশন এলাকায় একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন শওকত হোসেন সরকার।
এর আগে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। পরবর্তীতে সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়রের দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়।