|
প্রার্থী মৃত্যুর পর স্থগিত শেরপুর-৩ নির্বাচন, নিরবতা ঝিনাইগাতী উপজেলায়
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() প্রার্থী মৃত্যুর পর স্থগিত শেরপুর-৩ নির্বাচন, নিরবতা ঝিনাইগাতী উপজেলায় স্থানীয় সূত্র জানায়, শেরপুর-১ ও শেরপুর-২ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে থাকলেও শেরপুর-৩ আসনে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভোট ঘিরে যেখানে অন্য আসনগুলোতে চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত আলোচনা চলছে, সেখানে ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ভোট নিয়ে কোনো তৎপরতাই চোখে পড়ছে না। হাটবাজারগুলোও প্রায় ফাঁকা। উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর জেলা রিটার্নিং কর্মকর্তা এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থী মৃত্যুর ঘটনায় পুরো শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক ধরনের স্তব্ধতা নেমে আসে। রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও অনিশ্চয়তা। কে হবেন দাঁড়িপাল্লা প্রতীকের পরবর্তী প্রার্থী, কার হাতে উঠবে এই আসনের নেতৃত্ব এবং কবে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে চলছে নানান আলোচনা। সবকিছু মিলিয়ে শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বিরাজ করছে বিরল নীরবতা। নির্বাচনকে ঘিরে যেখানে অন্য এলাকায় উৎসবমুখর পরিবেশ, সেখানে এই দুই উপজেলায় এখন শুধুই শূন্যতা আর অপেক্ষা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
