|
কালারমারছড়ায় ধানের শীষের জনসমুদ্র, বদলে যাচ্ছে কক্সবাজার-২ আসনের ভোটের সমীকরণ
শহিদুল ইসলাম, মহেশখালী
|
![]() কালারমারছড়ায় ধানের শীষের জনসমুদ্র, বদলে যাচ্ছে কক্সবাজার-২ আসনের ভোটের সমীকরণ বুধবার বিকেল পাঁচটায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়াতেই কালারমারছড়ার অলিগলি মিছিলের পদধ্বনিতে মুখর হয়ে ওঠে। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মিলিত হতে থাকে জনসভাস্থলে। সময় যত গড়িয়েছে, মানুষের ঢল ততই বেড়েছে। একপর্যায়ে প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। স্বতঃস্ফূর্ত জনসমাগম পুরো এলাকাকে এনে দেয় এক উৎসবমুখর নির্বাচনী আবহ। সাবেক দুইবারের সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কালারমারছড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কালারমারছড়ার মাটি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। তিনি নিজেকে এলাকার মানুষের সেবক হিসেবে দেখতে চান। বক্তব্যে তিনি ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা তুলে ধরেন। সন্ত্রাসমুক্ত কালারমারছড়া গড়ে তোলার অঙ্গীকারের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে লবণের ন্যায্য মূল্য, পানের সঠিক বাজার দর, পাহাড়ি জমি রক্ষা এবং স্থানীয় মানুষের বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করার কথাও তুলে ধরেন। কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন, আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বেই এ অঞ্চলে টেকসই উন্নয়ন সম্ভব। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, সাবেক উপজেলা সভাপতি ডা. আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুল, অ্যাডভোকেট সিরাজুল হক, পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদ, এনামুল করিম চেয়ারম্যান, জেলা যুবদলের সহসভাপতি মকছুদুল আলম নিরু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাব উদ্দিন, শহীদ ডানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া, বিএনপি নেতা আব্দুল করিম মেম্বার, জসিম উদ্দিন, মাতারবাড়ি বিএনপি নেতা শাহজাহান বখতিয়ারসহ আরও অনেকে। রাত আটটা পর্যন্ত চলা এই জনসভায় স্থানীয় মুরব্বি, যুবক ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন পর কালারমারছড়ায় ধানের শীষের পক্ষে এমন জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। কালারমারছড়ার এই জনসভা তাই শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়; এটি কক্সবাজার-২ আসনের ভোটের সমীকরণে এক দৃশ্যমান বাঁকবদলের ইঙ্গিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
