|
কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু ঘাতক গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু ঘাতক গ্রেফতার আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল-এর এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস রিলিজে জানানো হয়, গতকাল ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে জেলার উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগিনা আনিছুর রহমান (৪৮) তার মামা ভিকটিম খায়রুল হক (৬৫) এর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। ভিকটিম রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ২২ জানুয়ারি সকাল অনুমান ৯ টার দিকে মৃত্যুবরণ করে। পরবর্তীতে উক্ত ঘটনার সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)- এর নির্দেশে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মুল ঘাতক ভিকটিম এর ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘাতক ভাগিনাকে গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার উলিপুরে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুল ঘাতক ভাগিনাকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও আরও কেউ জড়িত আছে কিনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
