|
খুলনায় আনসার ও ভিডিপির জেলা-উপজেলা–থানা কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় আনসার ও ভিডিপির জেলা-উপজেলা–থানা কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা বৃহস্পতিবার ২২ জানুয়ারি আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত এ সভায় আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন খুলনা রেঞ্জের জেলা কমান্ড্যান্টর। সভায় জানানো হয়, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন, যার মধ্যে তিনজন অস্ত্রধারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম বলেন, ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা ও ব্যালট বক্স সুরক্ষার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। তিনি জানান, প্রথমবারের মতো আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন ও উপস্থিতির তথ্য পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিং সিস্টেম এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। পাশাপাশি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ভোটকেন্দ্রে আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করা হবে, যা বাহিনীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষ থেকে খাবার গ্রহণ করতে পারবেন না; নিজ খরচে খাবারের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটি বড় পরীক্ষা। এই নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যরা দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সভায় খুলনা রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা ও থানা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
