গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা–নরসিংদী রেলরুটের টঙ্গী–ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমল খ্রীষ্টফার রোজারিও পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার নাগরী এলাকায়। তিনি মৃত আমরুস রোজারিওর ছেলে।
পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষের বরাত দিয়ে রেল পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বের হন তিনি। হাঁটার সময় নলছাটা এলাকায় রেললাইন ধরে যাওয়ার একপর্যায়ে হঠাৎ একটি অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঢাকা–নরসিংদী রেলরুটের আরিখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. কাইয়ুম মিয়া জানান, দুর্ঘটনার পর মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল। খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় বিকেল চারটায় জানা গেছে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।