ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনে অপতথ্য ঠেকাতে খাগড়াছড়িতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 4:47 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 14 January, 2026, 4:49 PM

নির্বাচনে অপতথ্য ঠেকাতে খাগড়াছড়িতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নির্বাচনে অপতথ্য ঠেকাতে খাগড়াছড়িতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময় হলো নির্বাচনকাল। এ সময় তথ্যের নির্ভুলতা, দায়িত্বশীলতা ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। এই বাস্তবতা সামনে রেখেই “গণভোট সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” শীর্ষক মূলনীতিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণকে ঘিরে জেলার গণমাধ্যম অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, নির্বাচন কেবল একটি ভোটগ্রহণ প্রক্রিয়া নয়; এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “ভুল তথ্য, গুজব কিংবা পক্ষপাতদুষ্ট সংবাদ একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করাই সাংবাদিকদের প্রধান কর্তব্য।” প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরাই জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে অপতথ্য ঠেকাতে খাগড়াছড়িতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নির্বাচনে অপতথ্য ঠেকাতে খাগড়াছড়িতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা একটি বিশেষায়িত ক্ষেত্র, যেখানে আইনি জ্ঞান, নৈতিকতা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় অত্যন্ত জরুরি।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে খাগড়াছড়ি সদরসহ জেলার আটটি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ পরিবেশনের আইনগত কাঠামো, নৈতিক সীমারেখা, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তাঁরা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল রিপোর্টিংয়ের বাস্তব উদাহরণ তুলে ধরে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও শাণিত হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের ধারণা, পাহাড়ি অঞ্চলের মতো সংবেদনশীল এলাকায় নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুধু গণমাধ্যমের সক্ষমতাই বাড়াবে না, বরং গণতান্ত্রিক চর্চার মানও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status