|
মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
নতুন সময় ডেস্ক
|
![]() মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই। ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের একটি ‘অ’ও নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত। রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত কুরুচিপূর্ণ। তার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। তিনি আরও বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাই। মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
