|
পর্তুগালে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত
ডাল্টন জহির পর্তুগাল থেকে
|
![]() পর্তুগালে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত রবিবার (২৮ ডিসেম্বর) প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ–এর উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মের্কাদো দে কালতুরাস হলে দিনব্যাপী এই উৎসবে অংশ নেন কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে পরিবেশন করা হয় পর্তুগালের জাতীয় সংগীত। উদ্বোধনী পর্বে কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার এবং স্থানীয় জুন্তা আরিয়সের প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিয়েল (João Jaime Pires)। অতিথিদের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, হাফিজ আল আসাদ ও শাহীন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের প্রধান আকর্ষণ ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান। জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া স্থানীয় শিল্পী শামসুল হক ও মাইনুল ইসলাম জনপ্রিয় গানে পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলেন। উল্লেখযোগ্যভাবে, ফ্রান্সে বসবাসরত শিল্পী রাহুল আনন্দ প্রথমবারের মতো ইউরোপের কোনো মঞ্চে গান পরিবেশন করেন। মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির নিদর্শন ও দেশীয় খাবারের স্টল। এসব স্টলে ভিড় করেন দর্শনার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবকে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বড় বিজয় উৎসব হিসেবে উল্লেখ করেন তারা। উৎসবের লোকাল ব্রডকাস্টিং পার্টনার ছিল নোটিসিয়াস বাংলা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
