|
শিশু-কেন্দ্রিক আগাম দুর্যোগ সতর্কতায় নতুন উদ্যোগে পটুয়াখালীতে জেলা পর্যায়ে মেট ক্লাবের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিশু-কেন্দ্রিক আগাম দুর্যোগ সতর্কতায় নতুন উদ্যোগে পটুয়াখালীতে জেলা পর্যায়ে মেট ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম, উপপরিচালক এস এম কামরুল হাসান ও আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মাল্লিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, রাইমেসের সিনিয়র অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও সহযোগী অংশীদার সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ সরকারি কর্মকর্তা, আবহাওয়া বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিলুফার আখতার, প্রজেক্ট ম্যানেজার (CCAA) এবং প্রকল্প টিম।উদ্বোধনী অনুষ্ঠানে মেট ক্লাবের শিক্ষার্থীরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ওয়েবসাইট ও মেট ক্লাব ওয়েবসাইট প্রদর্শনী ও বক্তব্য উপস্থাপন করেন। পটুয়াখালী ও কলাপাড়া থেকে আগত শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস বোঝা এবং শিশুবান্ধব আগাম সতর্কতা বার্তা প্রচারের বিষয়ে তাদের অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, পটুয়াখালী সদর থেকে আগত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং মেট ক্লাব ও অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক গম্ভীরা পরিবেশনা উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। শিশুদের আগাম প্রস্তুতি কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন, সক্ষম ও দুর্যোগ সহনশীল হয়ে উঠবে।” বিশেষ অতিথির বক্তব্যে রাইমেস-এর সিনিয়র অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান বলেন, শিশুদের মাধ্যমে আগাম দুর্যোগ সতর্কতা বার্তা ছড়িয়ে দেওয়া হলে তা সমাজে আরও দ্রুত, কার্যকর ও টেকসইভাবে পৌঁছে দেওয়া সম্ভব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ জলবায়ু শিক্ষা ও স্থানীয় পর্যায়ে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে মেট ক্লাব একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মাল্লিক আবহাওয়ার পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থার প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া বিএমডির উপপরিচালক এস এম কামরুল হাসান বলেন, শিশুদের জন্য শিশুবান্ধব আবহাওয়া তথ্য ও পূর্বাভাস ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এই মেট ক্লাব শিশুদের আবহাওয়া সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আগাম দুর্যোগ প্রস্তুতিতে তাদের নেতৃত্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
