ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিস ইউনিভার্স বিতর্ক: ফাইনাল ঘোষণার আগে দুই বিচারকের পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 November, 2025, 2:09 PM

মিস ইউনিভার্স বিতর্ক: ফাইনাল ঘোষণার আগে দুই বিচারকের পদত্যাগ

মিস ইউনিভার্স বিতর্ক: ফাইনাল ঘোষণার আগে দুই বিচারকের পদত্যাগ

মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণার মাত্র তিন দিন আগে জুরিবোর্ডের দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে একজন প্রতিযোগিতার নির্বাচনপ্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছেন।

থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসর চলছে। আগামীকাল, শুক্রবার চূড়ান্ত বিজয়ী বেছে নেওয়া হবে।

লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ মঙ্গলবার আট সদস্যের জুরিবোর্ড থেকে প্রথম পদত্যাগের ঘোষণা দেন। তিনি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দাবি করেন, প্রতিযোগিতা শুরুর আগেই একটি 'জুরি দল' ফাইনালিস্টদের বেছে রেখেছে। হারফুশ লেখেন, ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরিবোর্ড গঠন করা হয়েছে। এ দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল আট সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে হতবাক হয়েছি। তাঁর আরও অভিযোগ, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন, যাঁদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। তিনি অবশ্য পদত্যাগের কারণ হিসেবে 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করেছেন। মাকেলেলে তাঁর ঘোষণায় মিস ইউনিভার্স প্ল্যাটফর্মকে ক্ষমতায়ন, বৈচিত্র্য ও উৎকর্ষের প্রতীক উল্লেখ করে বলেন, এটি তাঁর জন্য একটি 'কঠিন সিদ্ধান্ত' ছিল।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ হারফুশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি জানিয়েছে, কোনো বাইরের দলকে প্রতিযোগীদের মূল্যায়ন বা ফাইনালিস্ট বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তাদের মতে, হারফুশ হয়তো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে একটি সামাজিক উদ্যোগকে অনানুষ্ঠানিক জুরি ভেবে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এই উদ্যোগটি মূল প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ আলাদা এবং এর নিজস্ব নির্বাচন কমিটি রয়েছে, যা সোমবারই ঘোষণা করা হয়েছে।

এদিকে, চলতি মাসের শুরুতেই প্রতিযোগিতাটি নিয়ে আরেকটি বিতর্ক সৃষ্টি হয়। থাইল্যান্ডের আয়োজক কমিটির পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল একটি প্রাক্-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রকাশ্যে প্রশ্ন করেন, কেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক কনটেন্ট পোস্ট করছেন না। ঘটনার ভিডিও ভাইরাল হলে দেখা যায়, বোশসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ নাওয়াতের দিকে চিৎকারও করছেন। পরবর্তী সময়ে নাওয়াত দাবি করেন, তাঁর কথার কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে। তবুও তাঁর আচরণে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status