ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম কারাগারের পানিতে 'কলিফর্ম ব্যাকটেরিয়া' শনাক্ত, কারাবন্দিদের স্বাস্থ্য ঝুঁকির আশংকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 November, 2025, 1:58 PM

চট্টগ্রাম কারাগারের পানিতে 'কলিফর্ম ব্যাকটেরিয়া' শনাক্ত, কারাবন্দিদের স্বাস্থ্য ঝুঁকির আশংকা

চট্টগ্রাম কারাগারের পানিতে 'কলিফর্ম ব্যাকটেরিয়া' শনাক্ত, কারাবন্দিদের স্বাস্থ্য ঝুঁকির আশংকা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পানির উৎস হিসেবে ব্যবহৃত কয়েকটি সাবমার্সিবল পাম্পে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়াসহ বিভিন্ন জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এতে কারাবন্দিরা জন্ডিস, হেপাটাইটিস ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা ছয় হাজারের বেশি। বন্দিদের পানীয় ও ব্যবহার্য পানির জন্য রয়েছে ১১টি সাবমার্সিবল পাম্প। সম্প্রতি ইন্টারন্যাশনাল রেড ক্রসের সহযোগিতায় এসব পাম্পের পানি পরীক্ষা করা হয়। পরীক্ষায় পদ্মা ওয়ার্ড, যমুনা ওয়ার্ড এবং প্রশাসনিক ভবনের সামনের তিনটি পাম্পের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। দুটি পাম্পের পানিতে ব্যাকটেরিয়ার পাশাপাশি ‘হার্ডনেস’ বা খরতাও শনাক্ত হয়েছে।

এক কারা কর্মকর্তা জানান, পানির পাইপ ও স্যুয়ারেজ লাইনের সংযোগ একাকার হয়ে যাওয়া বা পাইপ লিকেজের কারণে এই ব্যাকটেরিয়া পানিতে প্রবেশ করতে পারে। মানবদেহের অন্ত্রে থাকা কলিফর্ম ব্যাকটেরিয়া, বিশেষ করে ই-কোলাই, পানিতে পাওয়া মানে সেখানে প্রাণিজ বর্জ্য মিশে গেছে। এই ব্যাকটেরিয়া ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড ও ভাইরাল হেপাটাইটিস (জন্ডিস) সৃষ্টি করতে পারে।

জামিনে মুক্তি পাওয়া কয়েকজন বন্দি জানান, কারাগারের ভেতর অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বন্দিদের ঠাসাঠাসি করে রাখা হয়, এবং অনেকে প্রায়ই জ্বর ও ডায়রিয়ায় ভোগেন। মিনারেল বা ফোটানো পানির ব্যবস্থা না থাকায় সবাই পাম্পের পানি পান করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, ১১টির মধ্যে ১০টি সাবমার্সিবল পাম্পের পানি পরীক্ষা করা হয়েছে। তিনটিতে কলিফর্ম ব্যাকটেরিয়া ও দুটিতে খরতা পাওয়া গেছে। আমরা বন্দিদের ওই পাম্পের পানি পান করতে নিষেধ করেছি। ওয়াসার পাম্পগুলো ঠিক আছে।

তিনি আরও জানান, পাম্পের সঙ্গে স্যুয়ারেজ সংযোগ মিশে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই পানি দীর্ঘদিন ব্যবহারে জন্ডিস, হেপাটাইটিস-এ, ডায়রিয়াসহ নানা রোগের ঝুঁকি থাকে। আমরা কারা কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট পাম্পের পানি ব্যবহার বন্ধে চিঠি দিয়েছি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে সংস্কারের নির্দেশনা পাঠিয়েছি।

তিনি জানান, কারাগারে একজন স্যানিটেশন ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নিয়মিতভাবে পানির মান ও স্বাস্থ্যবিধি তদারকি করবেন। জেলা সিভিল সার্জন ও স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কারাগারের পানি ব্যবস্থার এই দূষণ দ্রুত সমাধান না হলে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ বিস্তারের কারণ হতে পারে।

বিধান বিশ্বাস,  চট্টগ্রাম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status