ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Thursday, 30 October, 2025, 1:08 PM

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে একটি মামলা হয়েছে। হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে ১০/১৫জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জরুরী বিভাগে ঢুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজের উপর হামলা চালায়। এসময় কর্তব্যরত চিকিৎসককে রক্ষার্থে এগিয়ে গেলে উপজেলা জামায়াত আমির আব্দুর রহমান ও তার গাড়ী চালক নুরুজ্জামানসহ চারজন হামলার শিকার হন।

হামলাকারীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীফলকাটি এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন যুবদল কর্মী রাহিম ইসলামের তিন বছরের পুত্র নিশাত। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে আসায় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেলে স্থানান্তর করেন। তবে উপজেলার খানপুর এলাকায় পৌঁছানোর পর নিশাতের মৃত্যু হলে ঐ শিশুর স্বজনরা অ্যাম্বুলেন্স ফিরিয়ে নিয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ফেরার পরপরই হঠাৎ ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫-৩০ কর্মী জরুরি বিভাগের মধ্যে ঢুকে সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজকে মারধর শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান। চিকিৎসককে রক্ষার চেষ্টা করলে তিনিও মারধরের শিকার হন।খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলকারীরা পালিয়ে যায়। সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজ জানান, মাথার হাঁড় ভেঙে ঘিলু বেরিয়ে আসায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিশুটিকে সাতক্ষীরায় রেফার করা হয়।

মারাত্মকভাবে আহত শিশুটির চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব না বিধায় তাকে জেলা শহরে রেফার করা হয়েছিল। তবে প্রায় ৩০ মিনিট পরে হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে আব্দুল্লাহ তরফদারের নেতৃত্বে একদল লোক তার উপর হামলা করে। উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান জানান, তার সামনেই কিছু মানুষ চিকিৎসককে মারপিট শুরু করেন। এসময় দায়িত্ববোধের জায়গা থেকে তিনি হামলাকারীদের হাত থেকে আক্রান্ত চিকিৎসককে রক্ষার চেষ্টা চালান। পরবর্তীতে তিনি আক্রান্ত হলে তাকে রক্ষায় এগিয়ে এলে তার গাড়ী চালক নুরুজ্জামান আহত হন।

এবিষয়ে আব্দুল্লাহ তরফদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাচ্চার অবস্থা বেশি খারাপ হওয়ায় ডাক্তারদের আমরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু আমাদের অনুরোধ সত্ত্বেও তিনি রেফার করেন। এ কারণে পথে শিশুটির মৃত্যু হয়। বাচ্চা মারা যাওয়ায় কয়েকজন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ডাক্তারের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। তবে আমরা মারামারি করিনি, বরং ঠেকিয়েছিলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, জরুরী বিভাগে ঢুকে হামলার ঘটনায় উপস্থিত রোগী ও চিকিৎসকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা নিরাপত্তহীনতায় ভুগছে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, শ্যামনগর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির জানান, হামলার সঙ্গে বিএনপির কোনো কর্মী জড়িত না। ভিডিও ফুটেজে বিএনপির কোনো কর্মীকে দেখা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status