|
ক্রিকেট ইতিহাসে প্রথম, ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই
নতুন সময় প্রতিবেদক
|
![]() ক্রিকেট ইতিহাসে প্রথম, ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই মোট ১৮ জন ম্যাচ অফিসিয়াল-এর মধ্যে ১৪ জন আম্পায়ার ও ৪ জন রেফারি-নিয়োগ দেওয়া হয়েছে ৩১ ম্যাচের এই টুর্নামেন্টে, যা শুরু হবে ৩০ সেপ্টেম্বর। নারী ওয়ানডে বিশ্বকাপে এটাই প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে অল-উইমেন প্যানেলের দায়িত্বপ্রাপ্তি। এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ কমনওয়েলথ গেমসেও আংশিকভাবে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্ন থাকছেন তাদের তৃতীয় বিশ্বকাপে। এছাড়া ২০২২ সালের ফাইনালে দায়িত্ব পালন করা লরেন এজেনব্যাগ ও কিম কটনও এবার ফিরছেন। এলোইজ শেরিডানও থাকছেন অফিসিয়াল প্যানেলে। তালিকায় রয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা খান জেসিও। রেফারিদের মধ্যে রয়েছেন ভারতের জি এস লক্ষ্মী, পাশাপাশি ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ ও মিশেল পেরেইরা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে বলেছেন, নারী ক্রিকেটের যাত্রায় এক সংজ্ঞায়িত মুহূর্ত। তিনি বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে জেন্ডার সমতায় আইসিসির অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন। বিশ্বকাপ মঞ্চে শুধু নারী অফিসিয়ালদের অন্তর্ভুক্তি দৃশ্যমানতা, সুযোগ ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো রোল মডেল তৈরির এক বড় পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, এই সিদ্ধান্ত কেবল প্রতীকী নয়। এটি দেখাবে, ক্রিকেটে নেতৃত্ব ও প্রভাবের কোনো লিঙ্গভেদ নেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
