|
ডার্ড গ্রুপের মালিকের সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ডার্ড গ্রুপের মালিকের সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন বিগত সরকারের আমলে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ২৮/১১/২০২৩ শ্রমিকদের পাওনাদি পরিশোধ সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়। আইন মোতাবেক প্রাপ্য সুবিধা থেকে কমিয়ে ৫০% এর কম সুবিধার কথা উল্লেখ্য করে চুক্তি করেছে যা শ্রম আইন পরিপন্থি। সেই চুক্তিও আজ পর্যন্ত বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। গত-২৯-১০-২০২৪ তারিখে ডার্ড গ্রুপের বিদ্যমান শ্রম পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয় এবং সভা'র কার্যবিবরণীতে মালিকপক্ষের প্রকাশিত তথ্য মোতাবেক ২৭,০০০০০০০/- (সাতাইশ কোটি) টাকা বকেয়া আছে বলে উল্লেখ করেন ও সরকারের কাছে লোন আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে গত ১০/১২/২০২৪ইং সরকার কতৃক বরাদ্দকৃত সুদমুক্ত ১৩ কোটি টাকা পেয়েছেন। পরে ১৩ কোটি টাকার আংশিক পাওনা পরিশোধ করেছেন। ডার্ড গ্রুপ-সহ মোট ০৬টি প্রতিষ্ঠানের শ্রম অসন্তোষ নিরসনে অন্তরবর্তিকালীন সরকারের মাননীয় ০৪(চার) জন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে সভা করেন। সভা শেষে প্রেস/মিডিয়ার মাধ্যমে আন্দোলনকারী শ্রমিক ও সংশ্লিষ্টদের জানান যে, ৭ই মে ২০২৫ এর মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করতে মালিকদেরকে নির্দেশনা দেন এবং পালিয়ে থাকা মালিকদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য স্বরাষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান । ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৫ মার্চ এবং ২৩ এপ্রিল ২০২৫ তারিখে ৯ম ও ১০ম সভায় ডার্ড গ্রুপের মালিককে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার সিদ্ধান্ত হয়। অপরদিকে দুই শতাধিক শ্রমিক-কর্মচারী শ্রম আদালতে মামলা দায়ের করেছেন। শ্রম আইন, ২০০৬ এর ১৩৬ ধারার ক্ষমতা বলে সম্পত্তি ক্রোক করে শ্রমিক-কর্মচরীদের পাওনা পরিশোধ করার দাবি জানান শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাগণ। ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডেপুটি ম্যানেজার সুনিল ঘোষ, শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম, বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ঐক্য পরিষদের গাজীপুর জেলার সভাপতি মিজানুর রহমান, ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডেপুটি ম্যানেজার সুবিমল ঘোষ, সুইং ইনচার্জ সাইফুল ইসলাম, সুইং অপারেটর সাবিনা ইয়াসমিন, সুইং অপারেটর আসমা বেগম প্রমূখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
