পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী ২ ফেব্রুয়ারি (শনিবার) গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্যই এই আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের নামে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০২ ফেব্রুয়ারি ২০১৯/২০ মাঘ, ১৪২৫ বিকেল সাড়ে ৩টায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, একাদশ সংসদ নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন নিয়ে আলোচনার জন্য গণভবনে যাবেন তারা, অন্যথায় নয়।