ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
কাশ্মীরে জঙ্গি হামলার পর মোদিকে ট্রাম্পের ফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 April, 2025, 11:16 AM

কাশ্মীরে জঙ্গি হামলার পর মোদিকে ট্রাম্পের ফোন

কাশ্মীরে জঙ্গি হামলার পর মোদিকে ট্রাম্পের ফোন

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সমবেদনা জানান তিনি। পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’

এর আগে, হামলার ঘটনার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

এদিকে, হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই বর্বর হামলার নিন্দা জানিয়ে ভারতকে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের বৈসারনে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাত এবং অন্যজন নেপালের নাগরিক।

হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status