দুই কারখানার শ্রমিক অবরোধ প্রত্যাহার, সড়কে বহাল তবিয়তে বেক্সিমকোর শ্রমিকরা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 21 November, 2024, 6:07 PM
দুই কারখানার শ্রমিক অবরোধ প্রত্যাহার, সড়কে বহাল তবিয়তে বেক্সিমকোর শ্রমিকরা
গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশন লিমিটেডের দুজন নারী শ্রমিক কাজে যোগদান করতে আসার সময় রাস্তা পার হতে গেলে তাদেরকে একটি দূরপাল্লার বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুই নারী শ্রমিক আহত হয়। একজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অপরদিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকরা বেতনের দাবীতে ও হামীম গ্রুপের দ্যাটস-ইট নীট কারখানার শ্রমিকরা ১২দফা দাবীতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বলছেন দাবী আদায় হলে সড়ক থেকে অবরোধ তুলে নিবেন।
বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায়।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম মুঠো ফোনে সত্যতা নিশ্চিত করে নতুন সময়কে বলেন, নরবান ফ্যাশন ও হা-মীম গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধান হওয়ায় তারা সড়কে অবরোধ তুলে নেয়। তবে বেক্সিমকোর শ্রমিকরা অবরোধ চালিয়ে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ চালিয়ে যাবার কথাও জানান তিনি।