এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার (২০ অক্টোবর) পেনসিলভানিয়ায় এক প্রচারণার সময় অ্যাপ্রোন পরে ম্যাকডোনাল্ডসের একটি ফ্রাই স্টেশনে কিছুক্ষণ কাজ করেছেন।
এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ট্রাম্প ফাস্টফুড শিল্পের কর্মীদের সম্পর্কে বলেন, 'এই মানুষগুলো কঠোর পরিশ্রম করেন। তারা দুর্দান্ত।'
তিনি আরও বলেন, 'আমি এইমাত্র কিছু দেখেছি [ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিষয়ে] একটি সুন্দর প্রক্রিয়া।'
এদিন তিনি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও টিপ্পনি কেটেছেন।
এর আগে হ্যারিস তার প্রচারের সময় জানিয়েছিলেন, তিনি কলেজে পড়ার সময় একবার ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন।
কমলা হ্যারিস কখনোই ম্যাকডোনাল্ডসে কাজ করেননি দাবি করে ট্রাম্প বলেন, 'কমলার চেয়ে আমি বরং ১৫ মিনিট বেশি কাজ করলাম।'