ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চাঁদাবাজি-গুন্ডামি করতে এলে খাম্বার সঙ্গে বেঁধে রাখবে "ফয়জুল করিম"
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:19 PM

চাঁদাবাজি-গুন্ডামি করতে এলে খাম্বার সঙ্গে বেঁধে রাখবে

চাঁদাবাজি-গুন্ডামি করতে এলে খাম্বার সঙ্গে বেঁধে রাখবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, রাজনীতিতে ভদ্র ও গুণী মানুষদের আসতে হবে। তা-না হলে এসব স্থান মন্দ মানুষেরা দখল করে নেবে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের রাজবাড়ি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজি ও গুণ্ডামি করতে আসবে তাদেরকে খাম্বার সঙ্গে বেঁধে রাখবেন। আমরা চাঁদাবাজি দেখতে চাই না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। ইসলামের পরিপূর্ণ বিধান পালনে খাঁটি মানুষ হওয়া যায়। ইসলামের বাইরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষের কল্যাণ করতে পারে না।

এসময় বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ দেশে বারবার শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের নীতি ছিল একটাই। আর তা হলো মানব রচিত আইন ও শাসন ব্যবস্থা। এই কারণে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুর্নীতিবাজ। স্বাধীনতার স্বাদ থেকে জনগণ হয়েছে বঞ্চিত। আর জনগণকে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে হয়েছে বারবার।

সম্প্রতি জুলাই বিপ্লবও হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচারের বিরুদ্ধে। শত শত ছাত্র—জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে জাতি হিসেবে আমাদেরকে চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতেও স্বৈরাচারী শাসকের আগমন হবে। দুর্নীতি আর দুঃশাসন শুরু হবে। দেশ অকার্যকর হয়ে যাবে। জনগণের জানমালের নিরাপত্তার বিঘ্নতা সৃষ্টি হবে। আমরা এমনটি হতে দিতে পারি না। এই বিপ্লবকে অবশ্যই কাজে লাগাতে হবে।

মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেন, বিদায় হয়েছে রক্তচোষা মানবতাবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। যারা সৃষ্টি করেছিল গুম, খুন, গায়েবি মামলা ও রাতের ভোটের রাজনীতি। আমরা ব্রিটিশ শাসন থেকে প্রথমবার স্বাধীন হয়েছিলাম। সর্বশেষ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার শাসন থেকে আমরা স্বাধীন হয়েছি। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি।

তিনি আরও বলেন, ইসলামকে বাদ দিয়ে এ ৫৩ বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, আর ধর্ম নিরেপক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। মানুষকে শান্তি দিতে পারেনি। এসময় বক্তব্যে ফয়জুল করিম জাতীয়, ধর্ম ও দলমত নির্বিশেষে সর্বস্তরের নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

সংগঠনটির গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. ফাইজুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার, শামসুর রহমান মুজাহিদ, ইঞ্জিনিয়ার এহেতাশামুল হক পাঠান, হাবিবুর রহমান মিয়াজি, হারুনুর রশিদ-সহ অন্যান্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status