গাজীপুরে কলেজছাত্র হত্যার দায়ে, পুলিশ সদস্য গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:21 PM
গাজীপুরে কলেজছাত্র হত্যার দায়ে, পুলিশ সদস্য গ্রেপ্তার
গাজীপুরের কোনাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এক কলেজ ছাত্র হত্যার দায়ে পুলিশের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মো. হৃদয় (২০) নামের ওই কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের সম্পৃক্ততা পাওয়ায় এ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে এই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ আগস্ট কোনাবাড়ি থানার পাশে গুলি করে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়।
জানা যায় নিহত হৃদয় টাঙ্গাইল জেলার গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় অস্থায়ী বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গ্রেপ্তারকৃত ওই কনস্টেবল হলেন মো. আকরাম হোসেন (২২), তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ী সড়কের কোনাবাড়ী এলাকায় গত ৫ আগস্ট হৃদয় (হত্যার পূর্বে) ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এ সময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়-থাপ্পড় মারেন।
একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে তার পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার (৬সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে সেখানে কন্সটেবল আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে তাকে কিশোরগঞ্জ থেকে আটক করা হয়। শনিবার (৭সেপ্টেম্বর) ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্টোপলিটন আদালতে তোলা হয়।
আদালত সোমবার শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।