টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ
নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:29 PM
টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।বিশেষ করে নদীর তীরবর্তী স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নিম্নাঞ্চলের বহু রাস্তাঘাট, বাড়ি ঘর এখন পানির নিচে রয়েছে। ভেসে গেছে শতাধিক ঘের ও পুকুরের মাছ। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষীরা। আমনের বীজতলাও নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা।
মঙ্গরবার (২১ আগস্ট) লক্ষ্মীপুর পৌরসভা ও ভবানীগঞ্জ , কমলনগরের তোরাবগঞ্জ, চরলরেন্সসহ বেশ কয়েকটি চরাঞ্চলে ঘুরে দেখা যায়, তিন দিনের টানা ভারী বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। অধিকাংশ স্থানে রাস্তা ঘাট ও কাঁচা-পাকা ঘরের সামনে এখন হাটু পরিমাণ পানি। কোথাও ঘরে ঢুকে গেছে পানি। পুকুর ও ঘের ভেসে ছোট বড় মাছ বের হয়ে গেছে বহুস্থানে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকস্থানে যান চলাচলেও বিঘ্নতা ঘটছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাড়ি-ঘর নির্মাণ আর বিভিন্ন স্থানে খাল-নদী বাঁধ দিয়ে মাছ চাষ এবং দখল দূষণের কারণে এখন পানি নিস্কাশন ব্যবস্থা নেই।
এতে করে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এমনটি ঘটবেনা বলে মতামত দেন সচেতনরা।