পঞ্চমবারের মতো বিয়ে করলেন মার্কিন ধনকুবের ও মিডিয়া টাইকুন রুপার্ট মারডক। গতকাল শনিবার ৬৭ বছর বয়সী এলেনা জুকোভাকে বিয়ে করেন ৯৩ বছর বয়সী মারডক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মারডকের বাগদান ভেঙে যাওয়ার পরই বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মারডক জুকোভার সঙ্গে প্রেম করছেন।
জন্মসূত্রে অস্ট্রেলীয় মারডক বর্তমানে ছয় সন্তানের জনক। তিনি ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান ও টাইমসের মালিক। তাঁকে নিউজ করপোরেশনের চেয়ারম্যান ইমেরিটাস বলা হয়।
মারডক জানান, তাঁর সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতেই প্রথম পরিচয় হয়েছিল জুকোভার সঙ্গে। জুকোভা একজন অবসাপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী।
চীনা বংশোদ্ভূত ওয়েন্ডি ছাড়াও মারডকের আরও তিন স্ত্রী হলেন—অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল। এদের প্রত্যেকের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে রুপার্ট মারডকের।
মারডকের পঞ্চম স্ত্রী জুকোভার এর আগেও বিয়ে হয়েছিল। তিনি রাশিয়ার তেল ব্যবসায়ী ধনবুকের আলেকজান্ডার জুকভকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি মেয়েও রয়েছে। জুকোভা–আলেকজান্ডার দম্পতির মেয়ে দাশা নিজেও একজন ব্যবসায়ী।
১৯৫০–এর দশকে অস্ট্রেলিয়ায় কর্মজীবন শুরু করেছিলেন রুপার্ট মারডক। ১৯৬৯ সালে তিনি ব্রিটিশ সংবাদপত্র নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ও সান কিনে নিয়েছিলেন। এরপর নিউ ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র কেনেন মারডক। ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। ফক্স নিউজ এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টিভি নিউজ চ্যানেল।
২০১৩ সালে রুপার্ট মারডক নিউজ কর্প প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি শত শত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মালিক হয়েছেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে বহু বিতর্কের জন্ম দিয়েছেন রুপার্ট মারডক।
গত বছর ছেলে লাচলানের হাতে দায়িত্ব দিয়ে ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রুপার্ট মারডক। এখন তিনি এই দুই প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান।