গাজীপুরে চার লাখ ৯২ হাজার সমমানের জাল পাঁচশত ও হাজার টাকার নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯মে) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২০মে) বিকেল ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান এসব তথ্য জানিয়েছেন নতুন সময়কে।
গ্রেপ্তারকৃতরা হলো, বরিশাল ভোলার বোরহান উদ্দিন থানার পাক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯), অপরজন কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও আনিস নামে গ্রেপ্তারকৃতদের সহযোগীদের আসামি করে মোট চারজনের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, রবিবার রাতে উত্তর খাইলকুর এলাকার ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার গোপন সংবাদে তথ্য পায় পুলিশ। পকেরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানান, এক লাখ টাকার জাল নোট ১৫ হাজার নগদ টাকায় বেচাকেনা করেন তারা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বাজারে নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় পূর্বের একটি মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর, গাছা থানার ওসি জিয়াউর রহমানসহ অন্যরা।