চাঁদ দেখার পর গত ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। চান্দ্রমাস হওয়ায় প্রতিবছরই দেশে দেশে রমজান মাস শুরুর ক্ষেত্রে দু–এক দিন হেরফের হয়। এমনটা যে শুধু মাস শুরুর ক্ষেত্রেই হয়, তা কিন্তু নয়। রোজাদাররা কত ঘণ্টা রোজা রাখবেন, তারও পার্থক্য হয়।
বিশ্বজুড়েই দিনব্যাপী রোজা রাখা হয় সাধারণত ১২ থেকে ১৭ ঘণ্টা। পৃথিবীর কোন স্থানে একজন রোজাদার অবস্থান করছেন, তার ওপর ভিত্তি করে রোজা রাখার সময়ের এই পার্থক্য হয়ে থাকে। খবর আল জাজিরার
ইসলাম ধর্ম অনুযায়ী, আজ থেকে ১৪০০ বছরের বেশি সময় আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন প্রথম অবতীর্ণ হয় রমজান মাসেই।
একজন মুসলিমকে ফজরের নামাজের সময় শুরু হওয়া থেকে মাগরিবের নামাজের সময় শুরুর আগপর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত দিনব্যাপী রোজা রাখতে হয়। এই সময়ে খাবার ও পানীয় গ্রহণ, ধূমপান ও শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হয় তাঁকে। এর মধ্য দিয়ে আল্লাহর ভয় ও তাঁর নৈকট্য অর্জন করার সুযোগ পান রোজাদার ব্যক্তি।