রাসায়নিক ছাড়াই দীর্ঘ দিন মটরশুঁটি টাটকা থাকবে, কী ভাবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 March, 2024, 11:08 PM
রাসায়নিক ছাড়াই দীর্ঘ দিন মটরশুঁটি টাটকা থাকবে, কী ভাবে?
‘প্রিজ়ারভেটিভ’ দেওয়া হিমায়িত মটরশুঁটি বেশি খাওয়া মোটেও ভাল নয়। তবে রাসায়নিক ছাড়াই বাড়িতে এই সব্জি সংরক্ষণ করার উপায়ও আছে।
ভরা গরমে যদি মটরশুঁটির কচুড়ি খেতে ইচ্ছে করে, কী করবেন? এ তো খুব সহজ। বাজারে টাটকা মটরশুঁটি না পেলে দোকান থেকে হিমায়িত মটরশুঁটির প্যাকেট কিনে আনবেন।
তবে এই ধরনের প্যাকেটজাত সব্জি বেশি খাওয়া মোটেও ভাল নয়। ইন্ডিয়ান পুষ্টিবিদ এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার লিমা মহাজন বলেন, “সঠিক পদ্ধতি জানা থাকলে কোনও রকম রাসায়নিক ছাড়াই এক বছর পর্যন্ত মটরশুঁটি ফ্রিজে রাখা যায়।” নিজের সমাজমাধ্যমে সেই পদ্ধতিও পোস্ট করেছেন তিনি।
মটরশুঁটি দীর্ঘ দিন ভাল রাখতে গেলে কী করতে হবে?
১) প্রথমে মটরশুঁটির খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন।
২) এ বার ফুটন্ত জলে সামান্য নুন এবং চিনি দিয়ে দিন। এ বার ওই জলের মধ্যে শুঁটিগুলো দিয়ে দিন।
৩) সেদ্ধ করার প্রয়োজন নেই। মিনিট দুয়েক নাড়াচাড়া করেই নামিয়ে ফেলুন।
৪) ফুটন্ত পানি থেকে ছেঁকে নিয়ে শুঁটিগুলো বরফ দেওয়া ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।
৫) ভেজানো মটরশুঁটি ভাল করে শুকিয়ে, বায়ুরোধী পাত্রে ভরে রাখতে হবে।
৬) এই ভাবে ফ্রিজে দীর্ঘ দিন পর্যন্ত মটরশুঁটি রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে মটরশুঁটির গায়ে যেন একটুও জল না থাকে।
তবে দীর্ঘ দিন মটরশুঁটি ভাল রাখতে আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
১) বাজার থেকে মটরশুঁটি কেনার সময়ে সতর্ক থাকতে হবে। শুঁটি যত টাটকা হবে সংরক্ষণ করাও তত সহজ হবে।
২) রাসায়নিক ছাড়া কোনও জিনিস সংরক্ষণ করা কঠিন। তবে অসাধ্য নয়। সঠিক পদ্ধতি মেনে, সঠিক তাপমাত্রায় শুঁটি রাখলে তা দীর্ঘ পর্যন্ত ভাল থাকে।
৩) মটরশুঁটি ভাল রাখতে হলে ধোয়ার পর সঠিক ভাবে তা শুকিয়ে নিতে হবে। জল লাগলে যে কোনও পচনশীল জিনিসই তাড়াতাড়ি পচে যায়।