|
যে কারণে নেতৃত্ব হারালেন সাকিব
নতুন সময় প্রতিবেদক
|
![]() যে কারণে নেতৃত্ব হারালেন সাকিব গতকাল সোমবার মিরপুরের শের-ই-বাংলায় বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশকে অন্তত ১ বছর শান্ত নেতৃত্ব দেবেন। তবে বিশ্বকাপে নেতৃত্ব দিলেও চোখের সমস্যার কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলা হয়নি সাকিবের। এমনকি আসন্ন শ্রীলংকা সিরিজেও তার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মূলত এ কারণে শান্তকে তিন ফরম্যাটের জন্য অধিনায়ক হিসেবে বিসিবি বেছে নিল। আসছে শ্রীলংকা সিরিজে সাকিব খেলবেন কি না জানতে চেয়েছিল বিসিবি, সাকিব বিসিবিকে জানিয়েছেন তিনি নিশ্চিত নন। চলতি বছর জুন মাসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছরজুড়ে সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলার সূচি আছে। এমন অবস্থায় সাকিবকে নিয়ে অনিশ্চয়তায় থাকতে চায়নি বোর্ড। গতকাল সাকিবকে বাদ দেওয়ার কারণ হিসেবে তার ফিটনেসের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলংকা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। আসলে ওকে পাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত না।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে সাকিব আমাদের প্রথম পছন্দ ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত নিতে আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন ঠিকঠাক দলটা চলতে পারে, সেজন্য শান্তর নামটা আমরা ঘোষণা করেছি।’ এর আগে শান্তর নেতৃত্বেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জেতে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজও ছিল। সেখানে এক ম্যাচে হার ও একটিতে জয়ের মুখ দেখে বাংলাদেশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
