ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
আগামী মাসে মা হওয়ার কথা ছিল নূর জাহানের, ডেঙ্গুতে মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 9:16 PM

আগামী মাসে মা হওয়ার কথা ছিল নূর জাহানের, ডেঙ্গুতে মৃত্যু

আগামী মাসে মা হওয়ার কথা ছিল নূর জাহানের, ডেঙ্গুতে মৃত্যু

আগামী মাসে সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল নূর জাহানের (২২)। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনাগত শিশুটিও ভূমিষ্ঠ হতে পারল না।

আজ বুধবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।

নূর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগড়া এলাকার জোবায়ের হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেন ও নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী মাসে তাঁর সন্তান জন্মদানের সময় ছিল।

জোবায়ের হোসেন বলেন, গত শুক্রবার নূর জাহানের সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা করানো হয়। এতে পরিস্থিতির উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, আমাদের সিনিয়র আপু নূর জাহানের এমন মৃত্যু শুনে আমরা মর্মাহত। ডেঙ্গুতে তাঁর মৃত্যু হয়েছে, বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাঁকে মাফ করুন। তাঁর অনাগত সন্তান দুনিয়ার আলো দেখতে পারল না।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা জানান, আজ বাদ আসর নূর জাহানকে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল সেখানে গেছে।

নূর জাহানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা। তিনি বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status