|
কারা হবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() কারা হবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি সংসদ সূত্র জানায়, নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি। একই সঙ্গে রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দিক-নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন। সেই ভাষণের ওপর মাসব্যাপী সংসদ সদস্যরা আলোচনা করবেন। এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন। স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে মো. শামসুল হক টুকু বহাল আছেন। একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরীও স্বপদে বহাল রয়েছেন, তবে পরিবর্তন আসছে সরকারি দলের হুইপ পদে। নবনিযুক্ত হুইপরা হলেন- ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২)। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬৩ জন সংসদ সদস্যের জোটবদ্ধভাবে বিরোধী দলের ভূমিকার থাকার কথা শোনা গেলেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারী এই স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই বিরোধী দলের ভূমিকা পালনে অনাগ্রহী। যেকোনো ফরম্যাটে সরকারের কাছাকাছি থাকতে চান তারা। অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ৬৩ জন। এর মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের নেতা। তবে প্রধানমন্ত্রী সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন। দলীয় নেতা যারা স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংসদে তাদের ভূমিকা কী হবে, তাদের পাওয়া আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন কীভাবে বা কাদের বণ্টন করা হবে-এসব বিষয়ে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিবেন। অপরদিকে নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত ৯ জানুয়ারি গেজেট হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এই হিসেবে আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত আসনের ভোট করতে হবে। ভোটার তালিকা প্রস্তুতসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে আগামী ২০ ফেব্রুয়ারির পরে তফসিল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি একটি, স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ৬৩ জন। এর মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের নেতা। দ্বাদশ জাতীয় সংসদ আওয়ামী লীগ এবারের নির্বাচনে আসন পেয়েছে ২২৪টি। সেই হিসেবে দলগতভাবে দলটি সংরক্ষিত আসন পাবে ৩৭টি। স্বতন্ত্র সংসদ সদস্য ৬৩ জন। তারা জোট করলে ১০টি আসন পাবেন। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তারা সংরক্ষিত আসন পাবে ২টি। অন্য একটি পাবে কল্যাণ পার্টি। এবারের সংসদে সংরক্ষিত আসনে অধিকাংশই নতুন মুখ আসছে। এদিকে সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদে আলাদা রুম, পিএস, গাড়ি, ভাতা ও নিরাপত্তা পেয়ে থাকেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, শুধু অলংকার হিসেবে নয় যোগ্যদেরই সংরক্ষিত আসনের এমপি ও স্থায়ী কমিটিতে রাখা হবে। ত্যাগী, পরিশ্রমী কর্মীরা স্থায়ী কমিটি ও সংরক্ষিত আসনে স্থান পাবেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। অধিবেশনের ১০ কার্যদিবসে ৫০টি কমিটি গঠন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
