বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের ২সন্তান-সহ পরিবারে শোকের মাতম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:29 PM
বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের ২সন্তান-সহ পরিবারে শোকের মাতম
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে সোমবার (২২ জানুয়ারি) সকালে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের( ৩৫) গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে শোকাহত তার পরিবারের সদস্যরা। শোকে স্তব্ধ হয়েছে তার পরিবার-সহ আত্বীয়-স্বজন ও পাড়া প্রতিবেশিরা। দুই সন্তানকে নিয়ে স্বামী হারিয়ে শোকাহত বিজিবি সদস্যের স্ত্রী নাসরিন খাতুন।
আড়াই বছরের রাফিয়া ও চার মাসের হাসান জানে না কি হয়েছে তাদের বাড়িতে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া হাট সংলগ্নে শ্যামপুর গ্ৰামের বাড়িতে আত্বীয় স্বজনরা এসে ভীড় করছেন। অবুঝ দুই শিশু জানে না তার বাবার কি হয়েছে! এমনকি তার পরিবারকেও এখন পর্যন্ত বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি বিজিবি সদস্য রইস উদ্দিনের নিহতের খবর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পরিবার জানতে পেরেছে বিএসএফের গুলিতে নিহত হয়েছে রইস উদ্দিন।
নিহত রইস উদ্দিনের স্ত্রী নাসরিন খাতুন ও তার বাবা কামরুজ্জামানের দাবি ,মরদেহ ভারতের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। তবে কখন কিভাবে মরদেহ ফিরবে তা জানানো হয়নি শোকাহত রইস উদ্দিনের পরিবারকে। দ্রুত মরদেহ হস্তান্তর করাসহ তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি নিহত পরিবারের।
স্থানীয় বাসিন্দা ও নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের স্বজনদের দাবি, দেশপ্রেমের কারনেই এইচএসসি পাশের পর বিজিবি'তে যোগ দেন তিনি। দুই সন্তান ও পরিবারকে সরকারের পক্ষ থেকে নিয়মঅনুযায়ী ক্ষতিপূরণ দেয়ার দাবি পরিবার আত্মিয়স্বজন ও প্রতিবেশিদের।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রইস উদ্দিনের বড় ভাই অসিম আকরাম সেনাবাহিনীর সদস্য ও মেজো ভাই মাসুদ পারভেজ বিজিবিতে কর্মরত রয়েছেন। দুই সন্তানের জনক রইস উদ্দিন সাড়ে তিন বছর আগে বিয়ে করেন নাসরিন খাতুনকে। এর আগে প্রায় ৮বছর পূর্বে যোগ দিয়ে বিজিবি সদস্য হিসেবে দেশের কল্যাণে কর্মরত ছিলেন তিনি।