|
ইরান–পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা কেন
নতুন সময় ডেস্ক
|
![]() ইরান–পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা কেন গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, বেলুচিস্তানের জইশ আল-আদল নামের সন্ত্রাসীদের নির্মূল করতেই তাদের দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এতে দুজন শিশু নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। এ হামলার জবাবে গতকাল বুধবার রাতে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। এতে ইরানে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন। বেলুচিস্তান সীমান্তে উত্তেজনার শুরু কবে বেলুচিস্তানের সীমান্ত সংঘাত বোঝার জন্য তাদের ইতিহাসের দিকে একটু নজর দেওয়া জরুরি। বেলুচরা কীভাবে বেলুচিস্তানের বাসিন্দা হয়েছিল, সেই ইতিহাস জানলে বর্তমানের সংঘাত বোঝাটা সহজ হবে। আজ থেকে তিন হাজার বছর আগে উত্তর-পশ্চিম কাস্পিয়ান অঞ্চলে বসতি স্থাপন করেছিল ইন্দো-ইরানিক উপজাতিদের একটি দল বালাশাগান (তখন বালাশিক বলা হতো)। কালক্রমে তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য করা হয় এবং পরে তাদের ইরানের মালভূমির দক্ষিণ ও পূর্ব অংশের দিকে স্থানান্তরিত করা হয়। মধ্যযুগীয় সময়ে থেকে তারা বর্তমান বেলুচিস্তানে বসতি স্থাপন করে। যেখানে তারা বেলুচ নামে পরিচিত। বালাশাগান থেকে বেলুচিস্তান আসতে এই বেলুচ জাতিকে দীর্ঘসময় কষ্টকর যাত্রা করতে হয়। পারস্য, আরব ও অন্যান্য আঞ্চলিক শক্তির নিপীড়ন, নির্বাসন ও গণহত্যারও সম্মুখীন হয় তারা। সতেরো শতকের বেলুচিস্তানে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করার পর বেলুচরা একটি জাতিরাষ্ট্র (কালাতের খানাতে) তৈরি করে। ১৮৩৯ সালে ব্রিটিশরা বেলুচিস্তান দখল করে এবং পরবর্তীতে এটি বিভিন্ন অংশে বিভক্ত হয়। ১৯৪৭ সালে ভারত থেকে ব্রিটিশদের হটানোর পর বেলুচিস্তান তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে। এরপর পাকিস্তান ১৯৪৮ সালে এটি দখল করে নেয়। এই অঞ্চলটি পাঞ্জাবের সিন্ধু নদীর পূর্ব তীরে দক্ষিণ-পূর্ব ইরান ও আফগানিস্তানের হেলমান্দের নিম্নাঞ্চল থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত। যুক্তরাজ্যে নির্বাসিত বেলুচ লেখক ড. নাসির দাশতি তাঁর বই ‘দ্য বেলুচ কনফ্লিক্ট উইথ ইরান অ্যান্ড পাকিস্তান’ বইয়ে এসব তথ্য তুলে ধরেন। আন্তঃসীমান্ত হামলা ইরান-পাকিস্তান সীমানা প্রায় ৯০৪ কিলোমিটার (৫৬২ মাইল) দীর্ঘ। এটি আরব সাগরের কাইজ-ই গাভাটার ও কুহ-ই মালেক সিয়ার আফগানিস্তানের সঙ্গে ত্রিবিন্দুর মধ্যে বিস্তৃত। পাকিস্তানের সাংবাদিক ও গবেষক জিয়া উর রহমান বলেন, ২০১৩ সালে ইরানের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্ত শহর পাঞ্জগুর ও মাশকিলে প্রচুর রকেট নিক্ষেপ করে। এমনকি ২০১৪ সালেও সীমান্তজুড়ে মর্টার ছোড়া, ইরানের সামরিক কর্মীদের অনুপ্রবেশ এবং ইরানি হেলিকপ্টার দ্বারা পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ নিয়ে পাকিস্তান-ইরান সীমান্তে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। ২০১৩ সালের শেষ তিন মাসে নয়টি হামলার খবর পাওয়া গেছে, এতে পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়। এরকম বেশ কয়েকটি হামলায় ইরানের সীমান্ত বাহিনী পাকিস্তানি বেলুচিস্তানের কেচ, পাঞ্জগুর, মুসাখেল ও ওয়াশুক জেলায় মর্টার ও সরাসরি বন্দুক দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সংঘাত আগে থেকেই ছিল। পাকিস্তানের বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অভিযোগ, পাকিস্তানের বেলুচবিরোধী জোটের সহায়তায় ইরান বেলুচিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের দাবি, মানবপাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। এই চক্রটি যখনই সুযোগ পায় তখনই ইরানের সীমান্তের ওপারে জনগণকে ঠেলে দেয়। ইরান আরও দাবি করেছে, জইশ-উল আদল প্রায়ই সীমান্তরক্ষীদের অপহরণ করে। কিন্তু ইসলামাবাদ তাদের মুক্তি নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেয় না। এ জন্য ইরান তাদের সীমান্তরক্ষীদের মুক্ত করতে পাকিস্তানি ভূখণ্ডে তার বাহিনী পাঠানোর হুমকি দেয়। প্রতিক্রিয়ায় পাকিস্তান ইরানকে তাদের সীমান্তে সম্মান রাখার আহ্বান জানায়। ইরানের সেনাবাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত অতিক্রম করার অধিকার নেই বলে হুঁশিয়ারি দেয়। জইশ আল-আদল কারা দক্ষিণাঞ্চল ও পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে সুন্নি মুসলিমদের চরমপন্থী গ্রুপ জইশ আল-আদল। এরা ইরানভিত্তিক সংগঠন ‘জুনদাল্লাহ’র একটি শাখা। জুনদাল্লাহ নামে এক ব্যক্তি ২০০২ সালে আব্দোলমালেক রিগি প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে ইরান সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে। সে পর্যন্ত তিনিই এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। রিগির মৃত্যুর পর জুনদাল্লাহর মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে। সেগুলোর মধ্যে জইশ আল-আদল ২০১২ সালের দিকে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে। এই গোষ্ঠী ইরানের দক্ষিণাঞ্চল ও পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে। বেলুচিস্তানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বেলুচের সদস্যদের আরও স্বাধীনতা ও ভালো জীবনযাপনের বন্দোবস্ত করার দাবি জানিয়ে আসছে জইশ আল-আদল। সাম্প্রতিক বছরগুলোয় ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান–বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সংঘটিত বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা। বেলুচিস্তানের এই এলাকা পাকিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী। পাকিস্তানের এই অঞ্চলে জইশ আল-আদলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাকিস্তানে চালানো বিমান হামলাটি মূলত ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে হয়েছে। গতকাল বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফাঁকে আবদুল্লাহিয়ান বলেন, ‘পাকিস্তান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। পাকিস্তানের কোনো নাগরিককে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু করা হয়নি।’ ইরানে হামলা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলাকে সন্ত্রাসীদের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করে সামরিক হামলার একটি সিরিজ হামলা হিসেবে এই হামলাকে বর্ণনা করা হয়েছে। ইরান বারবার বলার চেষ্টা করছে, এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের একটি অভিযান। পাকিস্তানের নাগরিকরা তাদের অভিযানের লক্ষ্যবস্তু নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রতিবারই ইরানি হামলায় পাকিস্তানের বেসামরিক মানুষ মারা গেছে। এবারও দুটি নিরপরাধ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সুতরাং ইরানের এ দাবির নৈতিক ভিত্তি নেই। অন্যদিকে পাকিস্তান বারবার বলছে, তারা তাদের দেশের অভ্যন্তরে অন্য কোনো দেশের অভিযান বরদাস্ত করবে না। এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। তবে এটিও সত্য যে, বেলুচ সীমান্তে ইরানের সীমান্তরক্ষীদের অপহরণের বিষয়টিও সুরাহা করছে না। সেখানের জঙ্গিগোষ্ঠী জইশদের বিরুদ্ধেও তেমন উল্লেখযোগ্য ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় পাকিস্তান ও ইরানের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
