সারাদেশে তীব্র শীতের মধ্যে পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কোথায় তাপমাত্রা কেমন জানুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 January, 2024, 1:25 PM
সারাদেশে তীব্র শীতের মধ্যে পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কোথায় তাপমাত্রা কেমন জানুন
সারাদেশে বইছে তীব্র শীত। সেইসঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত গড়াচ্ছে। দেখা যাচ্ছে না সূর্য। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষ পড়েছে বেশি বিপাকে। এ অবস্থার মধ্যে আজ রংপুর বিভাগ এবং কিশোরগঞ্জ ও নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। আগামীকালও তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
এদিকে বরিশাল, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আজ বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলা পর্যবেক্ষণাগারে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাট এবং নীলফামারীর সৈয়দপুর পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন ৯ ডিগ্রি, নওঁগার বদলগাছীতে সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সিলেট পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি, রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি, বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি, ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ ডিগ্রি, চট্টগ্রামে সর্বনিম্ন ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড রেকর্ড হয়।
বৃষ্টির আভাস
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ের পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এসময়ে দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, এসময়ে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিনের পূর্বাভাসে কুয়াশা সম্পর্কে বলা হয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।