ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাগর-মহাসাগরে যুদ্ধের ঝড়, দায়ী কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 January, 2024, 1:47 AM

সাগর-মহাসাগরে যুদ্ধের ঝড়, দায়ী কে?

সাগর-মহাসাগরে যুদ্ধের ঝড়, দায়ী কে?

গত কয়েক দশক অপেক্ষাকৃত শান্তই ছিল পৃথিবীর সাগর-মহাসাগরগুলো। কিন্তু সম্প্রতি তা যুদ্ধঝড়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যতই সময় গড়াচ্ছে, এর গতি বাড়ছে বই কমছে না।

আল জাজিরার প্রতিবেদন মতে, ফিলিস্তিনের গাজায় গত তিন মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি আগ্রাসন চলছে। যুদ্ধবিমান থেকে ফেলা টনকে টন বোমার আঘাতে ভূখণ্ডটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  প্রায় এক লাখ মানুষ হতাহত।



রক্তের গঙ্গা বয়ে গেলেও ইসরাইলকে কিছুই বলছে না ‘মানবাধিকারের চ্যাম্পিয়ন’ খ্যাত যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র ইউরোপীয়রা। উল্টো দেশটির নেতাদের পিঠ চাপড়াচ্ছে। যা চলমান হত্যাযজ্ঞে সহযোগিতার শামিল।
 
ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে যেন মৌনতার ব্রত গ্রহণ করেছে তাদের জাতিভ্রাতা আরবরা। এক্ষেত্রে ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে।
 
ফিলিস্তিনিদের প্রতি অন্যায়-অবিচার দেখে এগিয়ে এসেছে এই দুই সশস্ত্র গোষ্ঠী। শুধু তাই নয়, ইসরাইল ও তার সহযোগী পশ্চিমাদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছে তারা।
 
গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানো ইসরাইল তার জন্য প্রয়োজনীয় সামরিক রসদ ও গোলা-বারুদের চালান আনছে এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিত সাগরে সেই সব ইসরাইলি জাহাজগুলোকে টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতি যোদ্ধারা।
 
তাদের এই হামলার কারণে লোহিত সাগর ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। দ্য ইকোনমিস্টের তথ্য মতে, ৯০ শতাংশ কমেছে। আরব অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডও হুমকিতে পড়েছে।
 
তবে যুক্তরাষ্ট্রও ছাড় দিচ্ছে না। পাল্টা হামলা শুরু করেছে মার্কিন বাহিনীও। গত মাসের শেষ থেকে এখন পর্যন্ত লোহিত সাগর ও ইয়েমেন হুতি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তারা। রীতিমতো হামলা-পালটা হামলা চলছে।
 
এসব হামলা শুধু লোহিত সাগর ও এডেন উপসাগরেই সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগর পর্যন্তও তা বিস্তৃত হয়েছে। আর এসবের পেছনে কেবল মার্কিন-ব্রিটিশ জোট ‍ও হুতিরাই নয়, অন্যান্য পক্ষও জড়িয়ে গেছে।
 
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় দুই বছর ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। মস্কো সেই শুরু থেকেই বলছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দিক থেকে নিরাপত্তা হুমকির কারণেই ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে তারা।
 
আবার রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে পশ্চিমারা। শুধু তাই নয়, রাশিয়ার অর্থনীতি পঙ্গু করতে নিষেধাজ্ঞার হাতিয়ারও ব্যবহার করে চলেছে তারা।
 
ইউক্রেন ও রাশিয়া সংঘাত ছড়িয়েছে কৃষ্ণসাগরেও। সাগরটি এখনও সামুদ্রিক মাইনে পূর্ণ। ফলে জাহাজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলতি বছর ক্রিমিয়া থেকে রুশ নৌবাহিনী উৎখাতের প্রত্যাশা করছে ইউক্রেন। সেই লক্ষ্যে স্থল থেকে শুরু করে সাগর হামলা শুরু করেছে তারা। পালটা হামলা চালাচ্ছে রুশ বাহিনীও।
 
উত্তপ্ত হয়ে উঠেছে বাল্টিক ও উত্তর সাগরও। ইউক্রেন যুদ্ধের ছায়া পড়েছে এই অঞ্চলে। এরই মধ্যে গোলার আঘাতে অকার্যকর হয়ে গেছে বাল্টিক সাগরে ইউরোপের সর্ববৃহৎ গ্যাসলাইন। নাশকতা চালানো হয়েছে ইন্টারনেট ক্যাবলেও। যেসব হামলার অভিযোগের তর্জনি সেই পশ্চিমাদের বিরুদ্ধেই উঠছে।
 
এদিকে উত্তপ্ত হয়ে ‍উঠছে এশিয়াও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো নৌশক্তির সবচেয়ে বড় উত্থান দেখছে। কারণ ‘এক চীন নীতি’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাইওয়ানকে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র।
 
অন্যদিকে তাইওয়ানকে ধরে রাখার জোর চেষ্টা করছে চীন। চলতি সপ্তাহে তাইওয়ানের নির্বাচনের পর নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 
দ্য ইকোনমিস্ট বলছে, এই ঘটনাগুলো কোনটাই কাকতালীয় নয়। বরং এরই মধ্যে বিশ্বে যে ভূরাজনৈতিক পরিবর্তন সাধিত হয়েছে, সাগর ও মহাসাগরগুলোতে তারই চিহ্ন দেখা যাচ্ছে।
 
এর ফলে নজিরবিহীন হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। পরিমাণের দিক দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৫০ শতাংশ সমুদ্রপথে হয়ে থাকে। যেখানে প্রতিদিন ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ৫ হাজার কনটেইনার জাহাজ, ট্যাঙ্কার ও মালবাহী জাহাজ চলাচল করে।
 
যার ওপর লাখ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। তা সত্ত্বেও পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক নিয়ম-নীতির লঙ্ঘন চলছেই। যার ফলে গভীরতর হচ্ছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। যার অনিবার্য ও অপ্রত্যাশিত পরিণতি হলো শীতল যুদ্ধের পর সমুদ্রগুলো প্রথমবারের মতো সংঘাতপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status