দেশের অভিনয় জগতের অন্যতম অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় তার সমান পদচারণা। বিশেষ করে নব্বইয়ের দশকের সিনেমায় নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কাজ করেছেন দেড় শতাধিক চলচ্চিত্রে। দুই বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে, আরেকবার পার্শ্ব অভিনেত্রী বিভাগে।
এক সময়ের তুমুল জনপ্রিয় সেই ডলি জহুরকে এখন খুব একটা দেখা যায় না। কাজ করেন খুব বেছে বেছে। বলা চলে, এখন তিনি ছোট পর্দায় অভিনয় নিয়ে তার ব্যস্ততা। সম্প্রতি বিটিভির একটি নাটকে দেখা যাবে তাকে। নাম ‘জুলেখা বেগম’।
এই নাটকে এক সময়ের তুখোড় ও জনপ্রিয় খল অভিনেত্রী জুলেখা বেগমের চরিত্রে দেখা যাবে তাকে। যিনি কিনা বস্তির প্রান্তে দুই কক্ষের স্যাঁতস্যাঁতে বাড়িটাই যার একমাত্র সঙ্গী। যে বাড়ির খসে পড়া পলেস্তারা, ক্ষত-বিক্ষত দেয়াল, ভাঙা আয়নায় দেখা যায় জুলেখা বেগমের জীবন বাস্তবতা। যৌবনে চলচ্চিত্রাঙ্গনে প্রচুর চাহিদা থাকলেও এই ষাটোর্ধ্ব বয়সে দিন কাটছে প্রতি মুহূর্তের অনিশ্চয়তায়, নিঃসঙ্গতায়।
এছাড়া মাঝেমধ্যে দু-একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে। এসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে চলে তার সংসার। চরম হতাশায় একদিন জুলেখা বেগম এতদিনের পাওয়া সার্টিফিকেট, মেডেল, ট্রফি সব ছুঁড়ে ফেলেন। পরদিন সকালেই জানতে পারেন সরকার তাকে আজীবন সম্মাননা দেবে। নানাভাবে বঞ্চিত জুলেখা বেগমের বিশ্বাস হয়না আজীবন সম্মাননা পাওয়ার খবর! এমন গল্পে এগোবে নাটকটি।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ শনিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘জুলেখা বেগম’। আফসানা বেগমের মূল গল্পে এটি নাট্যরূপ দিয়েছেন শ্যামল শিশির। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় এই নাটকে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রমিজ রাজু, দোলন দে, আশরাফ কবির, নূর আলম নয়ন।