|
নোঙরের পক্ষে আ.লীগ নেতাকর্মীদের মিছিল-সমাবেশ, নৌকা বর্জনের আহ্বান
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() নোঙরের পক্ষে আ.লীগ নেতাকর্মীদের মিছিল-সমাবেশ, নৌকা বর্জনের আহ্বান বৃহস্পতিবার বিকেলে বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিনের পক্ষে মিছিল ও সমাবেশ আয়োজন করে জেলা আ.লীগের নেতাকর্মীরা। জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আ.লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে বর্জন করার আহ্বান জানান আ.লীগ নেতৃবৃন্দ। নীতিগত সীধান্তেই বিএনএম প্রার্থীকে সমর্থন করে প্রচার প্রচারণায় অংশ নেয়ার কথা জানান আ.লীগ নেতারা। নোঙর প্রতীকের পক্ষে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তারা। সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম বলেন, বিএনএম মনোনীত প্রার্থীর সমর্থনে আজকের মিছিল ও সমাবেশে উপস্থিত রয়েছেন জেলা, উপজেলা, পৌর আ.লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আ.লীগ নেতৃবৃন্দ আলোচনায় বসেই এই সীধান্ত নিয়েছেন। স্বচ্ছ, প্রাণবন্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেয়ার জন্য এই পদক্ষেপ। আমরা সবাই বিএনএম মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে একটি ঐতিহাসিক সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠ, শান্তিপূর্ণ পরিবেশে ও প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানান আ.লীগ নেতারা। সমাবেশে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে দলীয় কোন্দলসহ বিভিন্ন অভিযোগ করেন তারা। জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন, বিএনপি থেকে আসা আব্দুল ওদুদ আ.লীগের সর্মথনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় কোন্দল বেড়েছে। তার বিরুদ্ধে কথা বললেই নেতাকর্মীদের শিকার হতে হয় মামলা ও হামলার। তাই তাকে বর্জন করে একজন ইমানদার ব্যক্তিকে আমরা আমাদের এমপি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমনসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও মিছিল-সমাবেশে ছিলেন না বিএনএম মনোনীত প্রার্থী ও বিএনপির বহিস্কৃত নেতা আব্দুল মতিন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪,৪৯,৯৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,২৭,২৬৩ জন ও নারী ভোটার ২,২২,৭০৫ জন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
