|
ফেনীতে নৌকার প্রচারণায় হামলা, আহত ৪
এনামুল হক বাদশা , ফেনী
|
![]() ফেনীতে নৌকার প্রচারণায় হামলা, আহত ৪ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার বিকেলে পৌর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনি মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি পশ্চিম উকিল পাড়া হয়ে রামপুর সওদাগর বাড়ির সামনে এলে অতর্কিত হামলায় চালায় সন্ত্রাসীরা। হামলায় ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হন। অভিযোগের ব্যাপারে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিকেলের দিকে রামপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একটি মিছিল থেকে স্থানীয়দের গালাগালি করতে থাকে। তখন এলাকার স্থানীয়রা প্রতিবাদ করলে কিছুটা সমস্যা হয়েছে বলে শুনেছি। এখানে বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যাচার করা একদম অযৌক্তিক। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। মিছিলে অংশগ্রহণকারী ইমরান নামে এক সমর্থক বলেন, নৌকার সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। মিছিলটি পাটোয়ারী বাড়ি এলাকা থেকে সওদাগর বাড়ির সামনে এলে অতর্কিত ককটেল বিস্ফোরণ শুরু হয়। এসময় ঘটনাস্থলে অনেকেই আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত অপু বলেন, আমরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে হঠাৎই বিকট শব্দ শোনা যায়। এতে আমিসহ অনেকেই ছোটাছুটি শুরু করি। এসময় আত্মরক্ষার জন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেখানেও হামলা চালানো হয়েছে। ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার পর দুজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তারা হচ্ছেন- স্থানীয় ওয়ার্ডের বাসিন্দা গোলাপ নবীর ছেলে কাউসার আহমেদ অপু (১৭) ও ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে রাব্বি হাসান (১৮)। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। হাসপাতালে দুজন চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
