আকস্মিক অবসর নেওয়া তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত সদ্য সাবেক অধিনায়কের কাছ থেকে কোনো সাড়া পায়নি তারা। শেষ পর্যন্ত তামিম যদি না ফেরেন, তাহলে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস।
তামিম অবসর নেওয়ায় বাংলদেশের ওয়ানডে দল এখন অধিনায়কশূন্য। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার রাতে বিসিবি পরিচালকদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার সভার পর মধ্য রাতে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, সহ-অধিনায়ক হিসেবে লিটন চালিয়ে নেবেন অধিনায়কত্ব।
লিটন যে ওয়ানডে দলের সহ-অধিনায়ক, এটিও অবশ্য আগে আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। বোর্ড প্রধানের অবশ্য দাবি, আগেই জানানো হয়েছে। বাস্তবে যেটির কোনো প্রমাণ নেই।
ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরে তামিমের নিজ উদ্যোগে করা সংবাদ সম্মেলন থেকে। সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন কে।
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনার পর নাজমুল জানালেন, অবসরের প্রসঙ্গে তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। সাড়া না পেয়ে তামিমের বড় ভাই ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও চেষ্টা করেন তিনি। তাতেও সাড়া মেলেনি।
তাই নাফিসের কাছেই তামিমকে অবসর ভেঙে ফেরার আহ্বান জানিয়ে বার্তা দিয়ে রেখেছেন বিসিবি প্রধান। তামিম দুপুর দেড়টায় অবমরের ঘোষণা দিলেও বোর্ড প্রধান সেই বার্তাটি পাঠিয়েছেন বিকেল ৫টায়। আপাতত সেই বার্তার উত্তরের অপেক্ষায় আছে বোর্ড। তবে তামিম যদি না ফেরেন, তাহলে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবেন বলে সংবাদ সম্মেলনে জানান নাজমুল হাসান।
পাল্টা প্রশ্নও ছুটে যায় তার দিকে, 'এই দলের তো কোনো সহ-অধিনায়ক নেই, কে তাহলে? তাৎক্ষণিকভাবে বিসিবি প্রধানের উত্তর, ‘কেন? লিটন!’
তাকে মনে করিয়ে দেওয়া হয়, ওয়ানডে দলে কোনো সহ-অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বোর্ড প্রধান ও তার পাশে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জোর দিয়ে বলেন, সহ-অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করা হয়েছে।
আদতে এই সংবাদ সম্মেলনেই তা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো। তামিম না ফিরলে তাই স্বাভাবিক প্রক্রিয়ায়ই সিরিজের পরের দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন।
তবে সামনে থাকা এশিয়া কাপ, বিশ্বকাপের জন্য দীর্ঘ মেয়াদে কে নেতৃত্ব দেবেন দলকে, তা এখনও ঠিক করেনি বিসিবি। তামিমের কাছ থেকে শেষ পর্যন্ত কোনো সাড়া পেলে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বোর্ড সভাপতি।
এবার নিয়ে দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন ওয়ানডে অধিনায়কত্ব পেলেন লিটন ৷ গত বছরের ডিসেম্বরে কুঁচকির চোটে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তামিম। ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লিটন। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সের সিরিজটি ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।