হালের আলোচিত-সমালোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্টের’ দর্শকমনে এখনও বিদায়ের সুর। গত শনিবার রাতে এই নাটকের চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছে। এর মধ্য দিয়ে গত কয়েক বছর ধরে চলা নাটকটি শেষ হল।
একদিন আগে ‘শেষ পর্ব’ লিখে ফেইসবুকে পোস্ট দেন এর নির্মাতা কাজল আরেফিন অমি। এরপর অনেকেই নাটকটির পঞ্চম পর্ব আনার আকুতি রেখেছেন অমির কাছে।
পাঠকের কৌতূহল ধরে নির্মাতা অমিকে প্রশ্ন করা হলে তিনি গ্লিটজকে বলেন, নাটকটির আর কোনো সিজন তিনি আনছেন না।
“পঞ্চম সিজন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে তো লম্বা সময়ের প্রয়োজন। ততদিন বেঁচে নাও থাকতে পারি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আবার হবে? সবাই কি আমরা বেঁচে থাকব? ‘সিজন-৪’ এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল।”
নাটকটি নিয়ে আপ্লুত অমি বলেন, “প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলর পয়েন্টের শুট করতাম। দর্শকদের যেমন দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমারও তেমন কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা গত মাসে লাস্ট লট যখন শুট করি, তখন সবারই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কী যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে।”
‘ব্যাচেলর পয়েন্ট’ এর ক্যামেরার সামনে-পেছনে যারা ছিল, প্রত্যেকেই নাটকটি নিজের মনে করেছেন বলেও জানান অমি। ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের সঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি
“ব্যাচেলর পয়েন্ট এখন সবার কাছে একটি আবেগের নাম। শুধু আমি নই, আমার এই নাটকের যারা চরিত্র তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। তারাও একইভাবে লালন করছে এবং মানুষের ভালোবাসাটাও সেভাবেই পায়।”
নাটকের অভিনেতাদের ছবি দিয়ে একটি আবেগঘন পোস্টও করেন অমি।
অমি জানান ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ সিজনে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যায়।
“সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকদের মতামত এবং ভিউ আমরা সিজন-৪ এ পেয়েছি। বিভিন্ন রেকর্ড এর অংশীদার হয়েছি। ব্যাচেলর পয়েন্টের প্রতি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্য রকম একটা ভালোলাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ। এটা আমাদের জন্য আনন্দের।”
নাটকের প্রিয় চরিত্র ও তাদের রসায়ন ও সমাপ্তি নিয়ে অমি বলেন, “কাবিলা, রোকেয়া ও ইভা তিনটি চরিত্রই আমার ভীষণ প্রিয়। কাবিলা ভালোবাসে রোকেয়াকে, রোকেয়াও ভালোবাসে কাবিলাকে। সময় এবং বাস্তবতায় কাবিলা মুগ্ধ হয় ইভার প্রতি। ইভারও ভালো লাগে কাবিলার সাথে কাটানো মুহূর্তগুলো। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। সবাই সবার মনের ইচ্ছা মতো সব কিছু করতে পারলে হয়ত ভালো হত। কিন্তু তাতো আমরা করতে পারি না। কাবিলা, রোকেয়া এবং ইভা, ওরাও হয়ত পারবে না ওদের মনের ইচ্ছা পূরণ করতে।”
ব্যাচেলর পয়েন্ট প্রচারিত হয়েছে দুটি টেলিভিশনে, পরে একটি ইউটিউব চ্যানেল |
একটি মেসে থাকা কয়েকজন ব্যাচেলর ও তাদের আশপাশের কিছু চরিত্রের দৈনন্দিন জীবনের নানা গল্প ও ঘটনা হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ব্যাচেলর পয়েন্টে। নাটকের বেশ কিছু চরিত্র যেমন জনপ্রিয়তা পেয়েছে, কিছু চরিত্রের মুখে কিছু ‘আপত্তিকর’ সংলাপও তেমন সমালোচিত হয়েছে।
শেষ হয়ে যাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এ বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজনসহ অনেক শিল্পীকে।
শুরুতে কিছুদিন চ্যানেল নাইনে এই নাটকটি প্রচার হয়। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখায় বাংলাভিশন চ্যানেল। পরে ‘ধ্রুব টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হয় ব্যাচেলর পয়েন্ট।