সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন ভাই-বোনের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। তাতে ৯ বছর বয়সী এক ভাইকে দুই বোনের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা যায়। এ ছবিকে ভাইবোনের মধ্যে গভীর সম্পর্কের প্রকাশ বলে মনে করছেন নেটিজেনরা। পাঠকদের কাছে সেই ভাই-বোনের পরিচয় তুলে ধরে সৌদির অন্যতম সংবাদ মাধ্যম সৌদি গেজেট।
জানা যায়, সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইত এলাকার ইবনে নাফিস স্কুল থেকে বাড়ি ফিরছিলেন মিশাল শাহরানি, সারাহ ও নুরা। একসঙ্গে স্কুলে যাতায়াত করে তিন ভাই-বোন। যাওয়া-আসার পথে দুই বোনকে নানাভাবে সহযোগিতা করে মিশাল শাহরানি। তেমনি একদিন দুই বোন সারাহ ও নুরার ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল সে। ভাই-বোনের পারষ্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখে অভিভূত হন তাদের বাবা। তাই স্মরণীয় রাখতে ছবি ধারণ করে পারিবারিক গ্রুপে পোস্ট করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয় তাদের সেই ছবি। লাইক, কমেন্ট ও শেয়ায়েরর মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে।
ছবির প্রসঙ্গে মিশাল বলেন, ‘আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। সেদিন তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল। ’ ছবিটি ভাইরাল হওয়ার পর সে জানতে পারে যে মুহূর্তটি স্মরণীয় রাখতে তাদের বাবা এ ছবি তুলেছে।
আসির অঞ্চলের শিক্ষা বিষয়ক পরিচালক ড. আহমেদ আল উমারি ওই শিশুর সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, ‘অল্প বয়স হলেও শিশুদের দায়িত্বের সঙ্গে গড়ে তুললে তার আচার-ব্যবহারে তা প্রকাশ পায়। শিশুদের মধ্যে সুন্দর আচার-ব্যবহার গড়ে তুলতে সবার ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বাড়ির পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ’