বিএনপিকর্মী শাওনের মৃত্যু বিএনপির গুলিতেই, অভিযোগ ভাইয়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 September, 2022, 1:57 PM
বিএনপিকর্মী শাওনের মৃত্যু বিএনপির গুলিতেই, অভিযোগ ভাইয়ের
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শাওন প্রধানের নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে শাওন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘নিহতের বড় ভাই মিলন প্রধান অজ্ঞাতপরিচয় চার-পাঁচ হাজার জনকে আসামি করে মামলাটি করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। এ ছাড়া বৃহস্পতিবার শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় আরো দুটি মামলা প্রক্রিয়াধীন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানকে যুবদলকর্মী দাবি করে বলেছেন, পুলিশ মিথ্যাচার করছে। পুলিশের গুলিতেই যে শাওনের মৃত্যু হয়েছে, এটা প্রমাণিত। এ হত্যার একদিন জবাব দিতে হবে। গতকাল দুপুরে ফখরুল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শাওনের বাড়িতে স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে
নারায়ণগঞ্জে মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি বলেন, ‘না, অজ্ঞাতপরিচয়ের কথা উল্লেখ রয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের খুঁজে বের করা হবে। ’ পুলিশের সূত্র জানায়, সংঘর্ষের দিন পুলিশের ওপর হামলাকারীর ছবি, মিছিলের ছবি ও কারা পুলিশি কাজে বাধা দিয়েছে, তাদের ভিডিও ফুটেজ, ছবি সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করেই সঠিকভাবে আসামি করা হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বৃহস্পতিবার বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সূত্র ধরে পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বিএনপি দাবি করেছে, তাদের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে শাওনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে শাওনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গতকাল হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ বলেন, শাওনের শরীরে দুটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে; তবে গুলি পাওয়া যায়নি।
শাওন প্রধানের বাড়িতে স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল আরো বলেন, ‘শাওনকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এসপি বলেছেন সে বিএনপি করত না। সে যদি যুবদলের কর্মী না-ও হয়, মানুষকে গুলি করে হত্যার অধিকার আপনাকে কে দিয়েছে। আপনারা অন্যায় হুকুম মানবেন না। আমাদের মনে রাখতে হবে, শাওন দেশের মানুষের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। ’ তিনি বলেন, ‘শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে তারা গুলি করেছে। এটা একটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না।’