ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে ফিরেই সামাজিক মাধ্যমে মুশফিকের খোঁচা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 July, 2022, 12:25 PM

মাঠে ফিরেই সামাজিক মাধ্যমে মুশফিকের খোঁচা

মাঠে ফিরেই সামাজিক মাধ্যমে মুশফিকের খোঁচা

জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের পরিশ্রমী বলে বেশ খ্যাতি আছে। ক্যারিয়ারের শুরুতে মেধাবী হিসেবে আখ্যা পাওয়া এই তারকা পরিশ্রমে নিজেকে শানিত করে পরিণত হয়েছেন দলের ব্যাটিং মেরুদণ্ডে। তবে নিজের এই পরিশ্রমী সত্তাটার প্রকাশ ঘটাতে গিয়ে মাঝে মাঝেই জন্ম দিয়ে বসেন বিতর্কের। আবারও নিজের অনুশীলনের ভিডিও ক্যাপশনে অযাচিত মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত এ তারকা।


সদ্যই পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় দলের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিক। হজ পালনের উদ্দেশ্যে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন না তিনি। ছুটি শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষায় আছেন জাতীয় দলের সবচেয়ে সিনিয়র এ সদস্য।


বৃহস্পতিবার (২১ জুলাই) ফের আলোচনায় তিনি এক বিতর্কের জন্ম দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়রা নিজেদের অনুশীলনের ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। ভক্ত-সমর্থকদের জন্য তো বটেই, উঠতি খেলোয়াড়দের জন্য এসব ভিডিও হতে পারে অনুপ্রেরণার উৎস। কিন্তু এই ভিডিও উসকে দিতে পারে বিতর্কও। অন্তত মুশফিকের বেলা দ্বিতীয়টাই ঘটে বেশি।


মুশফিকের আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভোরে ফাঁকা মাঠে একা দৌড়াচ্ছেন তিনি। তবে সেই ভিডিওচিত্রের সঙ্গে তিনি যে ক্যাপশন জুড়ে দিয়েছেন তাতেই আপত্তি অনেকের। ক্যাপশনে মুশফিক জানাচ্ছেন, বাকিরা যখন ঘুমে মগ্ন, তখন তিনি এই বিশ্রী ধরনের কঠিন কাজে ব্যস্ত। স্পষ্টতই কাউকে উদ্দেশ্য করেই এই কটাক্ষ করছেন তিনি।


ক্যাপশনে সবাইকে সালাম জানিয়ে মুশফিক লেখেন: ‘সুখ হচ্ছে এটাই যখন তাদের অধিকাংশই ঘুমাচ্ছে এবং আপনি বিশ্রী ধরনের কঠিন কাজটা করছেন।’


তার এ বক্তব্য ভালোভাবে নিচ্ছে না অনেকেই। কেউ কেউ মনে করছে, এ মন্তব্য হয়তো তার সতীর্থদের উদ্দেশেই করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নিন্দা জানিয়েছে এ মন্তব্যের। অনেকেই তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে ফিট রাখা ও পারফর্ম করাটা যে তার দায়িত্ব, এটাও মনে করিয়ে দিয়েছেন কয়েকজন।


বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। ওয়ানডে ও টেস্টে অপরিহার্য হলেও টি-টোয়েন্টিতে মুশফিক কখনোই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। তাই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। খোদ বিসিবি আকারে-ইঙ্গিতে তাকে এ বিষয় নিয়ে ভাবতে বলেছে। কিন্তু মুশফিক চালিয়ে যেতে চান তিন ফরম্যাটের ক্রিকেটই। তবে কি সে ক্ষোভ থেকেই এমন মন্তব্য করছেন মুশফিক?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status