|
নতুন এক বাঘ আসছে
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন এক বাঘ আসছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নাসুম এখন নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে তার অভিষেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই। প্রথম ম্যাচে দারুণ বোলিং করে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বেঁধে রাখলেও উইকেটের স্বাদ তিনি পাননি। দ্বিতীয় ম্যাচে রান যেমন আটকেছেন, তেমনি ধরা দিয়েছে উইকেটও। দারুণ এক আর্ম বলে শামার ব্রুকসকে বোল্ড করে প্রথম উইকেট শিকারের পর এক ওভারে ফেরান শেই হোপ ও নিকোলাস পুরানকে। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ১০-৪-১৯-৩। মেহেদী হাসান মিরাজ চার উইকেট নিলেও গুরুত্বপূর্ণ উইকেট বেশি নিয়ে ম্যাচের সেরা নাসুমই। এই ম্যাচেই দেখা যায় তার নতুন উদযাপন। এক হাত আড়াআড়ি রেখে আরেক হাত নিচে খাড়াভাবে ধরে ছুটতে থাকেন তিনি মুখে চওড়া হাসি নিয়ে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা নাসুমকে জিজ্ঞেস করেন উদযাপনের পেছনের গল্প। লাজুক হাসিতে এই স্পিনার বলেন, “আ নিউ টাইগার ইজ কামিং।” তাকে সহায়তা করার জন্য পাশে থাকা লজিস্টিকস ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল আরও যোগ করেন, “উদযাপনের মানে হলো ‘আ নিউ টাইগার ইজ কামিং’… এটা হলো ‘T’ (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার, এটিই ওই উদযাপন।” প্রথম ম্যাচে ৮ ওভারে মাত্র ১৬ রান দিলেও উইকেট না পাওয়ায় এই ম্যাচে শিকারের দেখা পেতে মুখিয়ে ছিলেন নাসুম। উইকেট স্পিনারদের জন্য ছিল স্বর্গ। নাসুম বললেন, তিনি স্রেফ লাইন আর লেংথ ঠিক রাখার চেষ্টা করেছেন। “আমি খুব রোমাঞ্চিত ছিলাম… প্রথম ম্যাচে উইকেট পাইনি, পরের ম্যাচে যেন উইকেট পাই। ওরকমভাবেই আমি জায়গায় বল রাখার চেষ্টা করছি। উইকেটে যে সহায়তা ছিল, তা নেওয়ার চেষ্টা করেছি।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
