রণবীরের বিয়ে: কষ্টে সারা রাত পেস্ট্রি খেয়েছেন দীঘি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 1:54 PM
রণবীরের বিয়ে: কষ্টে সারা রাত পেস্ট্রি খেয়েছেন দীঘি
বলিউডের অন্যতম জনপ্রিয় যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রণবীরের বান্দ্রার ‘বাস্তু’ আবাসনে পারিবারিক আবহে বিয়ে করেন ‘রণলিয়া’। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নববধূ ও বরের আদুরে সব ছবি।
বিয়ের ছবিতে অন্তর্জালে ঝড় তুলেছেন এই নব-দম্পতি। মন ভেঙেছে লাখো তরুণীর। কেবল ভারতে নয়, বাংলাদেশেও তার অগণিত ভক্ত ছড়িয়ে আছে। এমনকি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেও রণবীরের পাগল। তাই রণবীর বিয়ে করায় ভীষণ মন খারাপ তাদের।
পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকায় হালকা ঝড়-বৃষ্টি বয়েছে। তবে তার চেয়ে বেশি বেগে ঝড় বইছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মনে। কারণ রণবীর আলিয়ার বিয়ে। রণবীরের বিয়ের ছবি দেখার পর সারারাত ঘুমাতে পারেননি দীঘি।
রণবীর কাপুর দীঘির স্বপ্নের নায়ক। এ বলিউড তারকার কেমন ভক্ত, দীঘি সেটি জানালেন দুটি তথ্যে, এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আর তার জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্ডার আছে; সেখানে সব রণবীরের ছবি।
স্বপ্নের নায়কের বিয়ে মেনেই নিতে পারছেন না দীঘি। রণবীরের বিয়ের রাতে কষ্টে সারা রাত পেস্ট্রি খেয়েছেন বলে দেশিয় গণমাধ্যমকে জানান দীঘি। তিনি জানান, আগেই কিনে নিয়ে এসেছিলাম। কারণ এই কষ্টে কোনো ডায়েট নেই।
বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।
রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।