ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলঙ্কাকে ঋণমুক্ত করতে ভারতের উদ্যোগ
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Thursday, 14 April, 2022, 8:06 PM

শ্রীলঙ্কাকে ঋণমুক্ত করতে ভারতের উদ্যোগ

শ্রীলঙ্কাকে ঋণমুক্ত করতে ভারতের উদ্যোগ

আর্থিক সংকট থেকে শ্রীলঙ্কাকে উদ্ধার করতে এগিয়ে এসেছে ভারত। বিভিন্ন সরকারি সূত্র অনুযায়ী, ভারত এই দ্বীপরাষ্ট্রকে আরও দুই বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে। গত বুধবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার মিলিন্দা মোরাগোদা ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে দেখা করেন। অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুজনের।

ওই বৈঠকের পর শ্রীলঙ্কার হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, ভারতের সহায়তা তাদের সংকটমুক্ত হতে প্রভূত সাহায্য করবে। ভারতই প্রথম দেশ, যে এই সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

শ্রীলঙ্কা স্বাধীন হয় ১৯৪৮ সালে। সেই থেকে এমন কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হয়নি। ঋণভারে জর্জরিত শ্রীলঙ্কা গত মঙ্গলবার জানায়, আন্তর্জাতিক অর্থভান্ডার ঋণ শোধে উদ্যোগী না হলে তারা নিজেদের ঋণখেলাপি ঘোষণা করতে বাধ্য হবে। সংকট থেকে পরিত্রাণের আশায় ভারত, চীনসহ বিভিন্ন দেশকে শ্রীলঙ্কা ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে।

ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ভারত আরও দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে মনস্থির করেছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থভান্ডারের বৈঠক। সেই অবসরে সেখানে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সাবরি ও অন্য প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৫১ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু চীনেরই অবদান ৮ বিলিয়ন। ঋণের ফাঁদে পড়ায় হাম্বানটোটা বন্দর চীনের কাছে ৯৯ বছরের লিজ দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার। ঋণের ফাঁদ থেকে দেশটিকে বের হওয়ার জন্য চীন সাহায্যসংক্রান্ত এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। এর মধ্যেই এগিয়ে এসেছে ভারত সরকার। মধ্যমেয়াদে ভারত কীভাবে এই দ্বীপরাষ্ট্রের উন্নয়নে সহায়ক হতে পারে, তা নিয়েও নির্মলা সীতারামণের সঙ্গে মোরাগোদা আলোচনা করেছেন।

ভূরাজনৈতিক দিক দিয়ে শ্রীলঙ্কার অবস্থান ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ঘরের একেবারে পাশের এই দেশ যাতে চীনের প্রভাবমুক্ত থাকতে পারে সেটাই ভারতের প্রধান লক্ষ্য। গত ফেব্রুয়ারি মাসে জ্বালানি কিনতে ৫০০ মিলিয়ন এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য কিনতে ১ বিলিয়ন ডলার ঋণ ভারত তাদের দিয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে নগদ বিনিময় ব্যবস্থা ও অন্যান্য খাতে আরও ১ বিলিয়ন ডলার সাহায্য দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

সব মিলিয়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার ঋণ ইতিমধ্যেই ভারত তাদের দিয়েছে। এখন আরও ২ বিলিয়ন সহায়তা দিতে চলেছে বলে সরকারি সূত্রের খবর। গত মঙ্গলবার ১১ হাজার টন খাদ্য নিয়ে এক ভারতীয় জাহাজ কলম্বো পৌঁছেছে। আজ বৃহস্পতিবার চাল, গম ও চিনিবোঝাই আরও এক জাহাজের যাওয়ার কথা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status