ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন। দণ্ডপ্রাপ্ত ওই কিশোর জেলার সদর উপজেলার চরনিলক্ষিয়া গ্রামের সুধীর চন্দ্র বর্মণের ছেলে শিপন চন্দ্র বর্মণ (১৯)।
জানা যায়, উপজেলার পৌর এলাকায় বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এ সময় ঈশ্বরগঞ্জ পৌর সদরে চরনিখলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে অভিযুক্ত কিশোর ওই ছাত্রী কে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতে থাকে। এসময় তার এমন উত্ত্যক্তে ছাত্রী ভয়ে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেয়।
এমন অবস্থা দেখে স্থানীয় লোকজন ছাত্রীকে কি হয়েছে জানতে চাইলে মেয়েটি তখন বলে ওই ছেলেটি বিভিন্ন ভাবে তাকে হয়রানি করছে। ছাত্রীর এমন কথা শুনে স্থানীয়রা অভিযুক্ত শিপনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন ঘটনাস্থলে গিয়ে শিপকে এক মাসের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।