৮৭ বছরের শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণে চাঞ্চল্য সৃষ্টি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:21 AM
৮৭ বছরের শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণে চাঞ্চল্য সৃষ্টি
ভারতের দিল্লির তিলকনগর এলাকায় ৮৭ বছরের এক শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ ওঠার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অপরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল পরিবার। তবে ঘটনায় ১৬ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রের খবর অনুযায়ী, তিলকনগরের ঐ বাড়িতে ৬৫ বছর বয়সি মেয়ের সঙ্গে থাকেন ভুক্তভোগী বৃদ্ধা। গত রোববার তার মেয়ে কাজের জন্য বাইরে যান। সেই সময় বাড়িতে একাই ছিলেন ঐ বৃদ্ধা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সেই সময় এক দুষ্কৃতীকারী ঘরের ভেতরে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণ করে। এ ঘটনায় প্রথমে গত রোববার চুরির অভিযোগ দায়ের করেছিলেন ঐ বৃদ্ধার মেয়ে। পরে সোমবার তিনি যৌন নির্যাতনের অভিযোগ জানান। প্রথমে পুলিশ যৌন নির্যাতনের অভিযোগ নিতে চায়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়, এ ধরনের অভিযোগ করলে ‘পরিবারের বদনাম হবে।’ এরপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তার পরিবার সরব হতেই অবশেষে পুলিশ যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে।
বৃদ্ধার নাতির বন্ধু টুইটারে লিখেছেন, পুলিশ সহযোগিতা করছে না। তাদের বলা হয়েছে, ধর্ষণের মামলা করলে ‘বদনাম হবে’। তাদের আরো হয়রানির সম্মুখীন হতে হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে তিনি লিখেছিলেন, দিল্লির তিলকনগরে আমার বন্ধুর ৮৭ বছর বয়সী শয্যাশায়ী দাদিকে ধর্ষণ করা হয়েছিল। তারও আঘাতচিহ্ণ আছে। দিল্লি পুলিশ সহযোগিতা করেনি এবং এফআইআর দায়ের করতে অস্বীকার করছে।
এদিকে, পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত বৃদ্ধ ঐ বৃদ্ধার মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল এবং সেই কারণেই তারা আগে অভিযোগ পেয়ে আইপিসির ৩৮০ ধারায় চুরির মামলা করেছিল। পরে অভিযোগের ভিত্তিতে, আরো দুটি ৩৭৬ (ধর্ষণের শাস্তি) এবং ৩২৩ ধারায় তিলকনগর থানায় এফআইআর করা হয়।
পুলিশ আরো জানায়, ৮৭ বছর বয়সী ঐ নারীকে ধর্ষণের ঘটনার তদন্তে করতে সোমবার একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছিল।
জানা যাচ্ছে, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটেছে। সেই সময় ঐ বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। মেয়ে বাড়ি ফেরার পর তিনি তাকে সমস্ত কিছু খুলে বলেন।
দিল্লি পুলিশের (পশ্চিম) অতিরিক্ত ডেপুটি কমিশনার প্রশান্ত গৌতম জানান, প্রথমে পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের কথা জানানো হয়নি। পরে জানানো হলে সে বিষয়ে অতিরিক্ত ধারা যোগ করা হয়েছে।
অন্যদিকে, দিল্লির মহিলা কমিশনার স্বাতি মালিওয়াল জানান, এ ঘটনার কথা জেনে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। তারা বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করেন।