ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নিহতের স্বজনদের আর্তনাদ
‘আমার ভাইরে কতো কষ্ট দিয়া মারছে দালালরা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 4:03 PM

‘আমার ভাইরে কতো কষ্ট দিয়া মারছে দালালরা’

‘আমার ভাইরে কতো কষ্ট দিয়া মারছে দালালরা’

‘আমার ভাইরে এক নজর দেহাইছে, আমি আমার ভাইরে আরেক নজর দেখমু। আমার ভাইরে কতো কষ্ট দিয়া মারছে দালালরা। নৌকা ছাড়ার আগে আমার ভাইরে তিন দিন খাইতে দেয় নাই। আমার ভাই কইছে আমি যামু না, তাও জোর কইরে নিছে। আমি ওগো বিচার চাই।’

ভাইয়ের লাশ দেখে কান্না জড়িত কণ্ঠে এমনটাই বলছিল লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মারা যাওয়া মো. ইমরান হাওলাদারের ছোট বোন নাসরিন।


গত ২৪ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকায় ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে বৃষ্টিপাতের কবলে পড়ে ঠান্ডায় মারা যায় মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর এলাকার ভ্যানচালক শাজাহান হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (২৩)।

মারা যাওয়ার ১৯ দিন পর শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বাংলাদেশ ইতালি দূতাবাসের মাধ্যমে, ইতালি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত ইমরান হাওলাদারের লাশ পৌঁছায়। পরে সেখান থেকে রাত ১১ টায় সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ আনা হয়। পরবর্তীতে শনিবার সকালে জানাজা শেষে ইমরানকে নিজ বাড়িতে দাফন করা হয়।

সকালে পশ্চিম পেয়ারপুর এলাকায় গিয়ে দেখা যায়, ইমরানের বাড়িতে স্বজনদের আহাজারিতে আর কান্নায় চারপাশের পরিবেশ থমকে গেছে। আশেপাশের গ্রাম থেকে সবাই ছুটে আসছে মৃত ইমরানকে শেষবারের মতো এক পলক দেখার জন্য। ইমরানের ছোট বোন নাসরিন কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে। ঘরে বৃদ্ধ বাবা মায়ে বাকরুদ্ধ হয়ে আছেন, চোখে এখন আর পানি নেই তাদের। ভ্যানচালক বাবার একমাত্র ছেলে ইমরানকে ঘিরেই ছিলো সব স্বপ্ন। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে একটি পরিবারের ভবিষ্যৎ।

নিহত ইমরান হাওলাদারের পরিবারের সদস্যরা জানায়, ২০২১ সালের অক্টোবর মাসের ২৫ তারিখ স্থানীয় দালাল সামাদ বেপারীর প্রলোভনে পড়ে ৪ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ ছাড়ে ইমরান। ডুবাই হয়ে লিবিয়ার একটি বন্দিশালায় কাটানোর পরে লিবিয়ায় থাকা সিলেটের আহম্মেদ নামে এক দালালের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকায় চুক্তিতে ২৪ জানুয়ারি লিবিয়ার স্থানীয় সময় রাত ৩টার দিকে ইঞ্জিন চালিত কাঠের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশ্যে রওনা করে ইমরান। তারপর থেকে আর কোনো কথা হয়নি ইমরানের। পরবর্তীতে ইতালির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিবারের কাছে খবর আসার পরে ইমরান হোসেনের মারা যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয় পরিবার।


নিহত ইমরানের ভগ্নিপতি সূর্য হোসেন বলেন, ইমরান আমার শ্বশুরের একমাত্র ছেলে। অনেক ঋণ করে আশা নিয়ে ইতালী পাঠানো হয়েছিলো। এখন তাদের আর কেউ রইলো না। পরিবারটি খুবই অসহায়। সরকারের কাছে আমার আকুল আবেদন সরকার যেন এই গরিব অসহায় পরিবারটির দিকে তাকায়।

অন্যদিকে সাফায়েত এর বোনের স্বামী রাসেল হোসেন বলেন, আমার ছোট ভাইয়ের লাশ আগামী ২১ ফেব্রুয়ারি দেশে আসবে। আমাদের পাশে যেন সরকার দাঁড়ায়, তা না হলে সবকিছু হারিয়ে পথে দাঁড়ানো ছাড়া কোন পথ নেই।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দালালদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চাই। ভুক্তভোগীরা এর আগে রাজি হয়নি। একাধিক বৈঠকের পরে তারা মামলা করতে রাজি হয়েছে। সরকার সব সময় অসহায়দের পাশে দাঁড়ায় এবং আমরা অসহায় পরিবারগুলোর পাশে থাকবো।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে রওনা হয় ২৮৭ জন যাত্রী। এদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। বাকি সবাই মিশরীয় নাগরিক। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে গেলে প্রবল ঝড়ো বাতাসের পর টানা ছয় ঘণ্টা বৃষ্টিপাতের কবলে পড়ে ঠান্ডায় মারা যায় ৭ বাংলাদেশি। ২৫ জানুয়ারি বিষয়টি জানতে পারে বাংলাদেশ ইতালির দূতাবাস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সাতজনের মারা যাওয়ার খবর নিশ্চিত হয় ইতালির বাংলাদেশ দূতাবাস। মারা যাওয়া সাত বাংলাদেশি মধ্যে পাঁচজনই মাদারীপুর জেলার। মারা যাওয়া মাদারীপুরের পাঁচজন হলো- সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর এলাকার মো. ইমরান হাওলাদার (২৩), একই ইউনিয়নের বরাইল বাড়ি এলাকার প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদার (১৮), মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার শাহজালাল মাতুব্বরের ছেলে জহিরুল ইসলাম শুভ (২০), সদর উপজেলার বাপ্পি, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উমারখালী এলাকার সাফায়েত মোল্লা (২০)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status