ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পাঁচ সন্তান হারিয়ে নির্বাক মৃণালিনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 1:18 PM

পাঁচ সন্তান হারিয়ে নির্বাক মৃণালিনী

পাঁচ সন্তান হারিয়ে নির্বাক মৃণালিনী

৫ সন্তান হারিয়ে নির্বাক মৃণালিনী সুশীল। শুধু ৫ সন্তান হারানোর কষ্ট নয়, অপর সন্তান রক্তিম শর্মা সুশীল  ও কন্যা হীরা শর্মা সুশীল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রাণে বেঁচে যাওয়া আরেক সন্তান প্লাবন শর্মা সুশীলও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। মর্মান্তিক হতাহতের ঘটনায় নির্বাক পুরো পরিবারের আত্মীয়স্বজন, পাড়া-পড়শি। সর্বত্র বিষাদের ছায়া। ৫ স্বামীর প্রয়াণে তাদের স্ত্রীরাও হয়েছেন বিধবা।

বিধবা হওয়া স্ত্রীরা হলেন- নিহত অনুপম শর্মার স্ত্রী পপী সুশীল, নিরূপণ শর্মার স্ত্রী গীতা সুশীল, প্রবাসী দীপক শর্মার স্ত্রী পূঁজা সুশীল, শরণ শর্মার স্ত্রী কৃষ্ণা সুশীল, চম্পক শর্মার স্ত্রী দেবীকা সুশীল।
এদিকে পরিবারের কর্তা সুরেশ চন্দ্র সুশীল মারা যাওয়ার ১১ দিন অতিবাহিত হয়েছে গতকাল। তাই ধর্মীয় রীতি অনুযায়ী গতকালই তার পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাড়ির উঠানে চলে প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান।

পুরোহিত মন্ত্র পাঠের মধ্য দিয়ে সেই অনুষ্ঠান সম্পন্ন করার সময় পাশে এক কাতারে বসে ছিলেন দুর্ঘটনায় নিহত পাঁচ ভাইসহ ৬ ভাইয়ের সাতজন স্ত্রী এবং তাদের কোমলমতি শিশুরা।

পরিবেশ ছিল সুনসান নীরবতা। নিস্তব্ধতা বিরাজ করছে গ্রামেও। সবার মুখে মুখে তাদের জন্য হাহাকার। মাত্র ক’দিন আগেও পরিবারটি কোলাহলপূর্ণ ছিল। নিমিষেই যেন সব শেষ হয়ে গেল। ১০ দিন আগে মারা গেছে পরিবারের কর্তা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীল।

বাবা মারা যাওয়ার পর পরিবারের সকল সদস্য বাড়িতে চলে আসেন এবং বাবার সৎকার সম্পন্ন করেন। ধর্মীয় বিধি অনুযায়ী বাবা মারা যাওয়ার ১০ দিনের মাথায় শ্রাদ্ধ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় পরিবারের পক্ষ থেকে। এজন্য বাড়ির সামনে প্যান্ডেল তৈরি হয়। কিন্তু এর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পরিবারটাই ‘শেষ হয়ে গেছে’!

মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গেছে ৫ ভাই, গুরুতর আহত হয়েছে আরও তিন ভাইবোন। নিহত ভাইদের মধ্যে একজন ওমান প্রবাসী ছিলেন। দুই ভাই ফার্মেসি ব্যবসা করতেন। অপর দুই ভাই ছিলেন চাকরিজীবী।

নিহতদের আত্মীয়রা জানান, ধর্মীয় রীতি অনুযায়ী প্রয়াত বাবার আত্মার শান্তি কামনায় গত মঙ্গলবার ভোরে তারা বাড়ির কাছের নির্জন এলাকায় ধর্মীয় কার্য সম্পাদন করতে যান। তখন সবাই ছিলেন সাদা কাপড়ে। সেখানে তারা মহাসড়কের পূর্বাংশে সড়ক থেকে অন্তত দুই ফুট দূরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি সবজি বোঝাই পিকআপ তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে বিভিন্ন এলাকা থেকে মানুষ সহানুভূতি জানাতে যাচ্ছেন। পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। গতকাল বেলা ১১টায় তিনি নিহতদের বাড়িতে যান।
এ সময় এমপি জাফর আলম বলেন, কক্সবাজারের ইতিহাসে এই রকম মর্মান্তিক ঘটনা আর ঘটেনি। এটাই প্রথম। এজন্য সড়কের অদক্ষ চালকরাই দায়ী।

তিনি বলেন, এই পরিবারের সব সদস্যের দায়িত্ব আমি নেবো। তাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানাবো। তাদের পুনর্বাসনসহ সব দায়িত্ব আমি নিলাম।
গতকাল দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বাড়িতে গিয়ে সবার হাতে অর্থ সহায়তা হিসেবে নগদ ২৫ হাজার টাকা করে তুলে দেন। এ সময় পরিবারের পক্ষ থেকে নানা দাবি তুলে ধরা হয় এমপি এবং ইউএনও’র কাছে।

পরিকল্পিত হত্যাকাণ্ড:
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তাদের কেউ সড়কের উপর ছিলেন না। হতাহতরা সড়ক থেকে অন্তত দুই ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু চকরিয়া থেকে কক্সবাজারমুখী সবজি বোঝাই পিকআপ তাদেরকে মুহূর্তের মধ্যে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন, হাসপাতালে নেয়ার পর চট্টগ্রাম মেডিকেলে আরেকজন নিহত হন। গুরুতর আহত হন তিনজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status