অসুস্থ মাকে দেখতে ছুটি নিয়ে ১০ দিনেও বাড়ি পৌঁছাননি রিপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:28 PM
অসুস্থ মাকে দেখতে ছুটি নিয়ে ১০ দিনেও বাড়ি পৌঁছাননি রিপন
রিপন বিশ্বাস (৩৫) বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফরিদপুর জেলার বোয়ালমারীর আঞ্চলিক ব্যবস্থাপক। প্রায় ৯ বছর ধরে তিনি সেখানে চাকরি করছিলেন। হঠাৎ অসুস্থ মাকে দেখতে ছুটি নিয়ে ১০ দিনেও বাড়ি পৌঁছাননি রিপন। নিখোঁজ হওয়া রিপন বিশ্বাসের বাড়ি মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কৃষ্ণবিলা গ্রামে।
রিপনের স্ত্রী শিপ্রা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বিকেলে ফোন করে বলেছিলেন বাড়ি আসছি। কিন্তু আজ ১০ দিন হতে চলল আমার স্বামীর কোনো খোঁজখবর নেই। এখনো প্রতীক্ষায় আছি কবে সে বাড়ি ফিরবে।’ তিনি বলেন, গত ৩০ জানুয়ারি আমার শাশুড়ি অসুস্থ থাকায় তার মাগুরায় আসার কথা ছিল। বিকেলে তিনি আমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং অফিস শেষে বাড়ি আসবেন বলে জানান। কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া রায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গিয়ে দেখি, রিপনের ব্যবহৃত মোটরসাইকেলটি শেখ হাসিনা সেতুর ওপর পড়ে আছে। পরে মোটরসাইকেল, হেলমেট ও রিপনের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করা হয়। এরপর ডুবুরিদল মধুমতী নদীতে খোঁজ চালায়। আশপাশের এলাকায়ও রিপনের সন্ধান করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি তার।